রবিবার মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা থাকলে সতর্ক হন। কলকাতা মেট্রোর ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৫ নভেম্বর থেকে পরপর চারটি রবিবার বদলে যাচ্ছে পরিষেবার ধরন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার ও শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না। ফলে ওই সময় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্তই মিলবে মেট্রো পরিষেবা।
শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা মেট্রো জানিয়েছে, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর—এই চার রবিবার শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমারের মধ্যবর্তী মেট্রোপথে পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। ওই সময় চলবে রক্ষণাবেক্ষণের কাজ।
নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার এবং আপ লাইনে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করবে। অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের পর দক্ষিণ কলকাতার দিকে যেতে চাইলে যাত্রীদের বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে হবে।
তবে সন্ধ্যা ৬টার পর পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ফের মেট্রো পরিষেবা চালু হবে। দিনের শেষ মেট্রোও অন্যান্য দিনের মতোই দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম—দুই প্রান্তিক স্টেশন থেকেই পাওয়া যাবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই চার রবিবার প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯টায়। রক্ষণাবেক্ষণের কাজের কারণে সাময়িক এই পরিবর্তনের জন্য যাত্রীদের সহযোগিতা চেয়েছে কলকাতা মেট্রো।


