স্বামী ফেরোজ গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধীর দাম্পত্য জীবন ছিল নানা টানাপোড়েন, অভিমান ও দূরত্বে ভরা। কিন্তু সেই সম্পর্কের গভীরে যে ভালোবাসার বন্ধন অটুট ছিল, তারই এক আবেগঘন ছবি উঠে এসেছে সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা Belonging: A Journey of Love-এ। বইয়ে ইন্দিরা ও ফেরোজের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী। এমনকি ইন্দিরা নিজেই একসময় স্বীকার করেছিলেন, ফেরোজের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে তিনি আজীবন অনুতপ্ত ছিলেন।
ফেরোজের সম্পর্কে অন্যের মুখে নানা গসিপ শুনে এক বন্ধুকে চিঠিতে ইন্দিরা লিখেছিলেন, “ফেরোজের অনেক দোষ রয়েছে। আমাদের মধ্যে কারই বা দোষ নেই? কিন্তু তাতে আমার ওর প্রতি অনুভূতির কোনও পরিবর্তন হয় না। ওর দোষ থাকা সত্ত্বেও, কিংবা হয়তো ওর দোষগুলির কারণেই আমি ওকে ভালোবাসি।” সোনিয়ার বইয়ে উদ্ধৃত এই চিঠি তাঁদের সম্পর্কের গভীরতা বুঝিয়ে দেয়।
১৯৪২ সালে বিয়ে করেছিলেন ইন্দিরা ও ফেরোজ। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু। বাবার কাজে সাহায্য করতে ইন্দিরাকে ক্রমশ বেশি সময় দিতে হয়। প্রধানমন্ত্রীর সরকারি আতিথেয়তার দায়িত্ব পালন করতে তাঁকে দেশ-বিদেশে নেহরুর সফরসঙ্গী হতে হত। অন্যদিকে, নিজের কাজের কারণে ফেরোজ সবসময় তাঁর সঙ্গে যেতে পারতেন না। তাঁদের দুই সন্তান রাজীব ও সঞ্জয়ের জন্মের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সোনিয়া লিখেছেন, প্রধানমন্ত্রীর সরকারি নৈশভোজে প্রথা অনুযায়ী ইন্দিরাকে বাবার পাশে বসতে হত। অন্যদিকে, ফেরোজের আসন থাকত অনেক দূরে, কখনও লম্বা টেবিলের প্রায় শেষ প্রান্তে। উপস্থিত অতিথিরা বিষয়টি নিয়ে ঠাট্টা করতেন, যা ফেরোজকে আঘাত করত। ক্রমশ তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে ফেরোজ সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের আলাদা বাড়িতে চলে যান। বন্ধু ও মহিলাদের সঙ্গ উপভোগ করা এক আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবেও পরিচিতি লাভ করেন তিনি।
ফেরোজের অন্য সম্পর্ক নিয়ে ইন্দিরার যে কষ্ট ছিল, তা তাঁর চিঠিতেও স্পষ্ট। একবার ফেরোজকে তিনি লিখেছিলেন, “তুমি কার সঙ্গে বাইরে যাচ্ছ বা কী করছ, তাতে আমার আপত্তি নেই। যদি তাতে তুমি খুশি হও এবং আমাকে জানাও, অন্যের মুখে বড় বড় গল্প শোনার আগেই।” তবে ফেরোজের অন্য এক সম্পর্ক যখন আরও গভীর হয়ে ওঠে, তখন তাঁদের দাম্পত্যে বড় সংকট দেখা দেয়। তীব্র ঝগড়ার পর দু’জনেই আনুষ্ঠানিক বিচ্ছেদের কথা ভাবতে শুরু করেন।
সেই সময় ফেরোজ নেহরুর সঙ্গে কথা বলার সুযোগ চান। ইন্দিরাও মনে করেছিলেন, ফেরোজের এমন একজনের সঙ্গে কথা বলা উচিত, যাঁকে তিনি বিশ্বাস করেন। নেহরু জামাইকে বোঝানোর চেষ্টা করেন। কয়েক মাস পর বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন ফেরোজ।

১৯৫৮ সালে ফেরোজের প্রথমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁদের সম্পর্কের বরফ গলতে শুরু করে। বাবার সঙ্গে ভুটান সফরে থাকা ইন্দিরা ফিরে এসে দীর্ঘ সময় হাসপাতালে ফেরোজের পাশে কাটিয়েছিলেন। ১৯৫৯ সালে ইন্দিরার কিডনিতে পাথরের অস্ত্রোপচারের সময় ফেরোজও তাঁর পাশে ছিলেন। পুরনো অভিমান অনেকটাই মুছে গিয়েছিল। ১৯৬০ সালে চারজন একসঙ্গে কাশ্মীরে বেড়াতেও যান। কিন্তু সেই সুখের মুহূর্ত দীর্ঘস্থায়ী হয়নি। তিন মাস পর ফেরোজের দ্বিতীয় হৃদরোগে আক্রান্ত হওয়া প্রাণঘাতী হয়ে ওঠে। মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
সোনিয়া লিখেছেন, শাশুড়ির মৃত্যুর পর তাঁদের বিনিময় করা চিঠিগুলি পড়ে তিনি বুঝেছিলেন, তীব্র ঝগড়া কিংবা সাময়িক বিচ্ছেদ তাঁদের ভালোবাসার বন্ধনকে কখনও পুরোপুরি ছিন্ন করতে পারেনি। ইন্দিরা তাঁকে একবার বলেছিলেন, দাম্পত্য জীবনে নানা উত্থান-পতন থাকলেও ফেরোজ ছাড়া অন্য কাউকে তিনি বিয়ে করতে পারতেন না। ফেরোজই ছিলেন তাঁর জীবনের একমাত্র ভালোবাসা।
ইন্দিরার মৃত্যুর পর তাঁর কাগজপত্রের মধ্যে একটি অসমাপ্ত চিঠিও খুঁজে পান সোনিয়া। সেখানে ইন্দিরা লিখেছিলেন, “সোনিয়া, তোমাকে লিখছি কারণ তোমার মধ্যে নিজের কিছু ঝলক দেখতে পাই। আর আমার স্বামীর অনেক কিছু দেখতে পাই আমার ছেলের মধ্যে, যে তোমার স্বামী।”
সোনিয়া আরও জানিয়েছেন, ইন্দিরার জীবনে একমাত্র মানুষ, যার সঙ্গে তাঁর নিঃশর্ত ঘনিষ্ঠতা ছিল, তিনি ফেরোজ। দাম্পত্য সম্পর্ক ভেঙে পড়লেও ফেরোজকে ভালোবাসার চিঠি লিখতেন তিনি। সোনিয়ার ছোট বোন যখন স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ভাবছিলেন, তখন ইন্দিরা তাঁকে পরামর্শ দিয়েছিলেন, রাগ বা আঘাতের মুহূর্তে কোনও সিদ্ধান্ত না নিতে। কারণ ফেরোজের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে তাঁর নিজেরই সারাজীবন অনুশোচনা ছিল।


