লস অ্যাঞ্জেলেসের বাড়িতে স্বামী নিক জোনাস, মেয়ে মালতী এবং পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই উদযাপনের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে সাড়া পড়ে যায়। তবে সেই ছবির একটি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। দীপাবলির অনুষ্ঠানে চিংড়ি খাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই একাংশের সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়া চিংড়ি খাচ্ছেন। আর সেই ছবি দেখেই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, দীপাবলির মতো ধর্মীয় উৎসবে কীভাবে আমিষ খাবার পরিবেশন করা হয়? একজন মন্তব্য করেছেন, “দীপাবলিতে কেউ কীভাবে আমিষ খেতে পারেন?” অন্য একজন লিখেছেন, “দীপাবলিতে আমিষ খাবার, একেবারেই নয়।” কেউ আবার প্রশ্ন করেছেন, “দীপাবলিতে চিংড়ি খাচ্ছেন?” আর এক নেটিজেনের কটাক্ষ, “দীপাবলিতে পুজো করে তারপর মুরগি আর মাছ খাচ্ছেন!”
তবে বিদেশে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিজের পরিবারের যোগ অটুট রাখতে বরাবরই সচেষ্ট প্রিয়াঙ্কা। বিভিন্ন ভারতীয় উৎসব এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিবারের সঙ্গে পালন করতে দেখা যায় তাঁকে। নিক এবং মেয়ে মালতীকেও সেই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করিয়ে দিচ্ছেন অভিনেত্রী।
এর আগে দশেরার উদযাপনের ছবিও ভাগ করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। লস অ্যাঞ্জেলেসের বাড়িতে পুজো, হোম এবং কন্যাপুজোর আয়োজন করেছিলেন তাঁরা। সেই অনুষ্ঠানের একটি ছবিতে দেখা যায়, ধর্মীয় রীতি মেনে মেয়ে মালতীর পা ধুয়ে দিচ্ছেন নিক জোনাস। ছোট্ট মালতীর পরনে ছিল আইভরি রঙের পোশাক, গলায় ছিল ‘জয় মাতা দি’ লেখা লাল ওড়না। বিদেশের মাটিতেও ভারতীয় সংস্কৃতির এই উদযাপনের ছবি নজর কেড়েছিল অনুরাগীদের।


