দুই রাহুল—এক দ্রাবিড়, আর এক লোকেশ—দু’জনকেই মনে রাখবে বেঙ্গালুরু, মনে রাখবে ভারতীয় ক্রিকেট। একসময় রাহুল দ্রাবিড় ‘দ্য ওয়াল’ নামে পরিচিত ছিলেন। ব্যাট হাতে নেমে অটল ভরসা দিতেন ভারতকে। আর এখন আরেক রাহুল, লোকেশ রাহুল, হয়ে উঠেছেন দলের ‘দ্য স্টেপনি’—যখনই প্রয়োজন, যেখানে দল সমস্যায়, সেখানেই হাজির হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।
অধিনায়ক হিসেবেও লোকেশ রাহুলের পরিসংখ্যান উজ্জ্বল। ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ১৯ বার নেতৃত্ব দিয়ে ১৩ বার জয় এনে দিয়েছেন তিনি। মাত্র ছ’বার হেরেছেন। তাঁর জয়ের হার প্রায় ৭০ শতাংশের কাছাকাছি। ওপেনার না থাকলে তিনি সামনে থেকে ওপেন করেছেন, আবার মিডল অর্ডার ভেঙে গেলে সেখানেও দলকে সামলেছেন। অধিনায়ক চোটের কারণে বাদ গেলে তাকেই ডাকা হয়েছে। প্রতিবারই নিজের সেরাটা দিয়েছেন রাহুল।
কঠিন সময়ে ভারত বারবার ভরসা করেছে এই রাহুলের ওপর, ঠিক যেমন দ্রাবিড়কে করত একসময়। কোচ গৌতম গম্ভীরও তাঁর এই নির্ভরযোগ্যতা দেখে সন্তুষ্ট। গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও সেই লোকেশ রাহুলই ভারতকে পথ দেখালেন, হাসি ফোটালেন দলের ডগআউটে। দুই রাহুলের এক জন ছিলেন ‘দ্য ওয়াল’, আর অন্যজন আজ হয়ে উঠেছেন ভারতের ‘দ্য স্টেপনি’—কিন্তু দু’জনই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয়।


