সংহতি দিবস বা সম্প্রীতি দিবসে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে নিজের বার্তায় তিনি আবারও ঐক্যের মন্ত্র উচ্চারণ করে জানান, বাংলার মাটি একতার মাটি— রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ, বিবেকানন্দের আদর্শে গড়া এই ভূখণ্ড বিভেদের কাছে কখনও মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
মুখ্যমন্ত্রী লেখেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন বা বৌদ্ধ— ধর্ম নির্বিশেষে বাংলার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানে। আনন্দ, উৎসব, জীবনযাত্রা— সবকিছুর মধ্যেই রয়েছে মিলন ও সহাবস্থানের সংস্কৃতি। তাঁর কথায়, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার।
তিনি অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে বিভাজনের রাজনীতি করার চেষ্টা চলছে। যারা এই ধ্বংসের খেলায় নেমেছে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দেন মমতা। একই সঙ্গে রাজ্যবাসীকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।


