অবৈধ অভিবাসীদের দেশছাড়ায় নতুন প্রণোদনা ঘোষণা আমেরিকার, মিলবে ৩ হাজার ডলার ও ফ্রি টিকিট

Spread the love

অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের দেশে ফেরাতে নতুন কৌশল নিল মার্কিন প্রশাসন। স্বেচ্ছায় দেশ ছাড়লে এবার আগের তুলনায় অনেক বেশি আর্থিক প্রণোদনার ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ করে দেশে ফিরে গেলে অবৈধ অভিবাসীরা পাবেন ৩ হাজার মার্কিন ডলার এবং নিজ দেশে ফেরার জন্য বিনামূল্যের বিমান টিকিট

মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে যারা স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য আবেদন করবেন, তাঁরা এই সুবিধার আওতায় আসবেন। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২.৬৮ লক্ষ টাকা। উল্লেখযোগ্যভাবে, আগে এই প্রণোদনার অঙ্ক ছিল মাত্র ১ হাজার ডলার, যা এবার তিনগুণ বাড়ানো হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবৈধভাবে বসবাসকারীরা যদি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার আগেই আত্মসমর্পণ করেন, তাহলে তাঁদের জেল ও অপমানজনক পরিস্থিতি এড়ানোর সুযোগ থাকবে। এমনকি যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও নানা কারণে দেশ ছাড়তে পারেননি, তাঁদের উপর ধার্য জরিমানাও মকুব করা হবে।

কীভাবে আবেদন করতে হবে, তাও স্পষ্ট করেছে প্রশাসন। দেশ ছাড়তে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের মার্কিন সরকারের CBP Home নামের মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা পড়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দপ্তর।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতিতে কড়াকড়ি শুরু হয় আমেরিকায়। প্রশাসনের দাবি, দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার অন্যতম কারণ অবৈধ অভিবাসন। সেই কারণেই ইতিমধ্যেই বহু অবৈধবাসীকে বিভিন্ন দেশে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে ভারতেও পাঠানো হয়েছে কয়েক হাজার মানুষকে।

তবে প্রশাসনের দাবি অনুযায়ী, এখনও বহু অবৈধ অভিবাসী গা ঢাকা দিয়ে রয়েছেন। তাঁদের চিহ্নিত করতেই এবার ‘স্বেচ্ছা প্রত্যাবর্তন’ নীতিকে আরও আকর্ষণীয় করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৯ লক্ষ অবৈধ অভিবাসী এই সুবিধা নিয়ে স্বেচ্ছায় আমেরিকা ছেড়েছেন, যা প্রশাসনের কাছে বড় সাফল্য।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *