কেন্দ্রীয় সংস্থা ইডির তল্লাশিকে ঘিরে যখন রাজ্য রাজনীতিতে চাপানউতোর, তখনই নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। আইপ্যাক ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে দীর্ঘ সময় ধরে ইডি অভিযান চলার পর বিজেপির বিরুদ্ধে আরও একবার আক্রমণাত্মক হল শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
এই আবহেই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন থিম সং প্রকাশ করল তৃণমূল। গানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরা হয়েছে বাংলার লড়াকু নেত্রী হিসেবে। ‘অগ্নিকন্যা’ থেকে তিনি এবার ‘বাঘিনী’—যিনি আঘাতের জবাব দিতে জানেন। গানের মূল বার্তা একটাই, যত চাপই আসুক, বাংলার লড়াই থামবে না।
‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’—এই স্লোগানকে কেন্দ্র করেই তৈরি হয়েছে গানটি। সেখানে বারবার উঠে এসেছে বাংলার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার কথা। বিজেপির রাজনীতির বিরুদ্ধে বাংলার নিজস্ব পরিচয় বজায় রাখার আহ্বান রয়েছে গানের কথায় কথায়।
২০২১ সালের ভোটে ‘বাংলা নিজের মেয়েকে চায়’ গানের মাধ্যমে যে আবেগ তৈরি হয়েছিল, এবারে তার রূপ বদলেছে। ঘরের মেয়ে এবার বাংলার রক্ষক। প্রায় তিন মিনিটের এই গানে তৃণমূলের বিভিন্ন সভা, মিছিল ও কর্মসূচির দৃশ্য তুলে ধরা হয়েছে। ভিডিওতে গুরুত্ব পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তা—রাজনৈতিক চাপের মধ্যেও তৃণমূল নির্বাচনী লড়াইয়ে নামতে প্রস্তুত।


