মহাশিবরাত্রির পবিত্র তিথিতে খড়গপুরের ভান্ডারী চক এলাকা ভক্তির আবহে মুখরিত হয়ে ওঠে। শিবশক্তি বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত শিব-পার্বতী পুজোয় উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এদিন বাবা মহেশ্বর ও দেবী পার্বতীর যুগল আরাধনা ঘিরে ছিল বিশেষ আয়োজন। প্রদীপ ও ধূপ জ্বালিয়ে বাবা ভোলেনাথের চরণে প্রার্থনা জানান দিলীপ ঘোষ। পাশাপাশি মণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি। সুসজ্জিত শিব ও পার্বতীর মূর্তি, আলোকসজ্জা এবং ভক্তিমূলক সঙ্গীতে পরিবেশ হয়ে ওঠে আধ্যাত্মিক ও মনোরম।
ঢাক-ঢোলের তালে তালে ভক্তদের আগমন, আরতির সময় ঘণ্টাধ্বনি—সব মিলিয়ে মহাশিবরাত্রির আবহ ছিল অনন্য। উপবাস রেখে বহু ভক্ত পুজোয় অংশ নেন এবং রাতভর জাগরণে শিবের আরাধনা করেন।
এই শুভ তিথিতে সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন দিলীপ ঘোষ। স্থানীয়দের মতে, প্রতিবছরই এই পুজো ঘিরে ভান্ডারী চক এলাকায় উৎসবের আবহ তৈরি হয়, তবে এ বছরের আয়োজন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ ।


