ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলাতে একসময় বড়সড় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকী, ২০২১ সালের এপ্রিল মাসে পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত হিন্দুদের পবিত্র হিঙ্গলাজ মাতা মন্দিরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুধু তাই নয়, মন্দির দর্শনের পর তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ইসলামাবাদে বৈঠক করারও পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই সফর আর বাস্তবায়িত হয়নি। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্রে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS)-এর প্রকাশিত ‘দ্য স্টেট অফ ব্যাক-চ্যানেল টকস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান’ শীর্ষক গবেষণাপত্রে এই গোপন কূটনৈতিক উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার বিষয়ে ভারত ও পাকিস্তানের সম্মতির পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছিল। সেই উদ্যোগেরই অংশ ছিল মোদীর প্রস্তাবিত পাকিস্তান সফর।
পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বালুচিস্তানের লাসবেলা জেলায় অবস্থিত হিঙ্গলাজ মাতা মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। এরপর সেখান থেকে ইসলামাবাদে গিয়ে ইমরান খানের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা ছিল। কিন্তু পাকিস্তানের মন্ত্রিসভার অন্দরে এই প্রস্তাব নিয়ে আপত্তি ওঠে। বিশেষ করে তৎকালীন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বিরোধিতায় শেষ পর্যন্ত গোটা পরিকল্পনা ভেস্তে যায় বলে গবেষণাপত্রে দাবি করা হয়েছে।
করোনা অতিমারির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক গোপন যোগাযোগ হয়েছিল। এই আলোচনায় দুই দেশের গোয়েন্দা প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০২১ সালের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতেও দুই দেশের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে গোপন বৈঠক হয়। মূল লক্ষ্য ছিল কাশ্মীরকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা কমানো এবং সীমান্তে শান্তি ফেরানো।
এই আলোচনার পরিণতিতেই ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা বরাবর ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি পুনরায় মেনে চলার ঘোষণা করে ভারত ও পাকিস্তান। এর ফলে সীমান্তে গোলাগুলির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
বালুচিস্তানের হিঙ্গলাজ মাতা মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান। ৫২টি শক্তিপীঠের অন্যতম হিসেবে বিবেচিত এই মন্দির দেবী সতীর সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে খত্রী সম্প্রদায়ের মানুষের কাছে এই মন্দিরের ধর্মীয় গুরুত্ব অপরিসীম। পাকিস্তানে অবস্থিত হলেও বহু হিন্দুর কাছে এটি অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র।
২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর ভারত-পাকিস্তান সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছিল। সেই পরিস্থিতিতে মোদীর প্রস্তাবিত এই সফর বাস্তবায়িত হলে তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক বড়সড় মোড় আনতে পারত বলে মনে করা হচ্ছে।
গবেষণাপত্রে আরও বলা হয়েছে, অতীতে একাধিকবার গোপন কূটনৈতিক যোগাযোগ দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং বড় সংঘাত এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কিন্তু ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের পর যোগাযোগের সেই গোপন পথগুলিও কার্যত বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায় যোগাযোগের অভাব থেকে ভুল বোঝাবুঝি বা সামরিক সিদ্ধান্তের ভুল হিসাব বড় বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।


