মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করতে আন্তর্জাতিক স্তরে ফের চাপ তৈরি হল। রাষ্ট্রসংঘে উঠল এই চরম শাস্তি কার্যকরের উপর সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব। কিন্তু ভোটের সময় সেই প্রস্তাবের পাশে দাঁড়াল না ভারত। বরং বিরোধিতা করল নয়াদিল্লি। একই অবস্থান নিয়েছে আমেরিকা, চিন, জাপান এবং পাকিস্তান-সহ আরও ৩২টি দেশ।
মেক্সিকোর উদ্যোগে আনা প্রস্তাবটি শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ভোটাভুটিতে যায়। ফলাফলে দেখা যায়, বিশ্বের অধিকাংশ দেশই মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধের পক্ষে। মোট ১৯৩টি দেশের মধ্যে ১৩৩টি দেশ প্রস্তাবকে সমর্থন করেছে। বিপক্ষে ভোট পড়েছে ৩৩টি। ১৬টি দেশ নিজেদের অবস্থান নিরপেক্ষ রেখেছে।
ঠিক কী চাওয়া হয়েছে এই প্রস্তাবে? মূলত মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে দেশগুলিকে অবিলম্বে স্থগিতাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। শুধু সাময়িক বিরতি নয়, ভবিষ্যতে ধাপে ধাপে মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বাতিল করার দিকেও এগিয়ে যেতে বলা হয়েছে। ২০২৫ সালে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ঘটনা বৃদ্ধির বিষয়টিও আলাদা করে উল্লেখ করা হয়েছে।
তাহলে ভারতের আপত্তি কোথায়? ভোটের পর রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন জানিয়ে দেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এখনও কোনও সর্বসম্মত আন্তর্জাতিক অবস্থান তৈরি হয়নি। তাঁর যুক্তি, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ নির্দিষ্ট পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের সুযোগ রাখে।
ভারতের অবস্থান আরও একটি বিষয়কে কেন্দ্র করে—দেশের নিজস্ব আইন এবং বিচারব্যবস্থা। নয়াদিল্লির বক্তব্য, ভারতে মৃত্যুদণ্ড কোনও সাধারণ শাস্তি নয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর কেবল ‘বিরল থেকে বিরলতম’ অপরাধের ক্ষেত্রেই এই সাজা দেওয়া হয়। তাই একটি সার্বভৌম দেশের নিজের আইন অনুযায়ী শাস্তির বিধান ঠিক করার অধিকার থাকা উচিত বলেই মনে করে ভারত।


