ছটপুজোর আবহেই যমুনার দূষণ নিয়ে রাজনৈতিক সংঘাত, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব আপ

Spread the love

ছটপুজোর উৎসবের মধ্যেই দিল্লিতে নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে যমুনা নদীর দূষণ। নদীর জলে সাদা বিষাক্ত ফেনার আস্তরণ দেখা যেতেই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আম আদমি পার্টি (আপ)। তাদের অভিযোগ, যমুনা পরিষ্কারের প্রতিশ্রুতি দিয়েও বাস্তবে কোনও পরিবর্তন আনতে পারেনি বিজেপি সরকার। ছটপুজোর মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে ভক্তদের দূষিত জলেই পুজো করতে হচ্ছে।

সোমবার যমুনার ফেনায় ঢাকা জলের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে বিজেপিকে নিশানা করে আপ। দলের অভিযোগ, ক্যামেরার সামনে দাঁড়িয়ে যমুনা পরিষ্কারের দাবি করলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারকে আক্রমণ করে আপের বক্তব্য, ছট মহাপর্বে ভক্তদের দূষিত জলে ধর্মীয় আচার পালন করতে বাধ্য হতে হয়েছে।

একই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলেও। যমুনার দূষণের ছবি ও ভিডিয়ো প্রকাশ করে কেন্দ্রীয় সরকার এবং দিল্লির বিজেপি সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, রাজধানীর নদীর এই পরিস্থিতির মধ্যেও কীভাবে যমুনা পরিষ্কারের দাবি করা হচ্ছে?

যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দিল্লি সরকারের দাবি, ছটপুজো উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট ৯৯৬টি জায়গায় ১,৪৮২টি ছটঘাট তৈরি ও প্রস্তুত করা হয়েছে। এমনকি মুনাক খাল বরাবর প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ ঘাটও তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সরকার। বিজেপির পাল্টা দাবি, আগের সরকারের তুলনায় যমুনার জল ৫০ শতাংশেরও বেশি পরিষ্কার হয়েছে। তাদের বক্তব্য, আগে যমুনার তীরে ছটপুজো করার সুযোগ থেকেও বঞ্চিত হতেন ভক্তরা।

এর মধ্যেই কয়েক দিন আগে সোনিয়া বিহার সংলগ্ন যমুনার জলে কয়েকশো মৃত মাছ ভেসে ওঠাকে কেন্দ্র করেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল। দিল্লির জলমন্ত্রী প্রবেশ বর্মার অভিযোগ, ছটপুজোর আগে সরকারকে বদনাম করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কেউ নদীতে মৃত মাছ ফেলেছে। এই ঘটনায় আপ কর্মীদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। যদিও তাঁর দাবি, তদন্তের পরেই প্রকৃত ঘটনা সামনে আসবে।

ইতিমধ্যে সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দফতরের অভিযোগের ভিত্তিতে ওয়াজিরাবাদ থানায় এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩ এবং ২৪০ ধারায় মামলা রুজু হয়েছে। তবে মাছগুলির মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আপের দাবি, অভিযোগের রাজনীতি না করে নদীর জল দূষিত হওয়ার কারণ খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্ত করা হোক।

অন্যদিকে, যমুনার জলে বারবার সাদা ফেনা তৈরি হওয়াও প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। বিশেষ করে ওখলা ব্যারাজ এবং কালিন্দী কুঞ্জ এলাকায় এই সমস্যা দীর্ঘদিনের। ফেনা তৈরির কারণ অনুসন্ধান এবং তা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের জন্য দুটি প্রকল্পের প্রস্তাব থাকলেও প্রশাসনিক জটিলতায় সেগুলির কাজ এগোয়নি বলে সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে। ব্যারাজের পরবর্তী অংশ উত্তরপ্রদেশের সেচ দফতরের অধীনে থাকায় দুই রাজ্যের মধ্যে দায়িত্বের প্রশ্নেও জটিলতা তৈরি হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *