হলিউডের মঞ্চে আবারও নজর কাড়লেন বলিউডের গ্লোবাল আইকন Priyanka Chopra। লস অ্যাঞ্জেলসের বিখ্যাত TCL Chinese Theatre-এ অনুষ্ঠিত হল তাঁর নতুন ছবি The Bluff-এর জমকালো ওয়ার্ল্ড প্রিমিয়ার। রেড কার্পেটে পা রাখতেই ক্যামেরার ফ্ল্যাশ যেন থামতেই চাইছিল না।
এই ছবিতে এক প্রাক্তন জলদস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে, যে নিজের পরিবারকে রক্ষা করতে আবার অস্ত্র তুলে নিতে বাধ্য হয়। অ্যাকশন আর আবেগের মিশেলে তৈরি এই ছবিতে তিনি শুধু অভিনয়ই করেননি, প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন। হলিউডের প্রভাবশালী প্রযোজক জুটি Russo Brothers এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকায় শুরু থেকেই ছবিটি নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে।
প্রিমিয়ারে প্রিয়াঙ্কার পাশে ছিলেন স্বামী Nick Jonas। দু’জনের হাসিমুখ আর আন্তরিক মুহূর্ত রেড কার্পেটে আলাদা করে নজর কেড়েছে। ছবির অন্যান্য কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা Karl Urban-সহ আরও অনেকে। অনুষ্ঠানে এসে প্রিয়াঙ্কার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন হলিউড তারকা Vin Diesel, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ফ্যাশন দুনিয়াতেও আলোচনায় রয়েছেন প্রিয়াঙ্কা। ছবির থিমের সঙ্গে মিল রেখে আর্মার-অনুপ্রাণিত গাউনে তিনি যেন সত্যিই এক যোদ্ধা। প্রিমিয়ারের পর পার্টিতেও তাঁর লুক ছিল সমান চমকপ্রদ।
সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে Amazon Prime Video-এ মুক্তি পাবে ‘দ্য ব্লাফ’। অ্যাকশনপ্রেমী দর্শকদের কাছে এই ছবি যে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে, প্রিমিয়ারের উচ্ছ্বাসই তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
লস অ্যাঞ্জেলসে ঝলমলে প্রিমিয়ার, ‘দ্য ব্লাফ’-এ অ্যাকশন অবতারে প্রিয়াঙ্কা


