মাথায় কৃষিকাজের দায়িত্ব, পায়ে জুতো নেই, হাতে বীজভর্তি ঝুড়ি—এ যেন গ্রামের আর পাঁচটা সাধারণ কৃষক পরিবারের ছেলেরই ছবি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বদলে যায় গোটা দৃশ্য। কখনও নীল শার্ট আর স্টাইলিশ প্যান্ট, কখনও সাদা শার্টের সঙ্গে টাই, আবার কখনও চোখে রঙিন চশমা আর গায়ে কালো স্যুট! কৃষিজমির মেঠো পথেই যেন তৈরি হচ্ছে এক নতুন মডেলের মঞ্চ। আর এই ব্যতিক্রমী রূপান্তরেই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে ঝাড়খণ্ডের ২৪ বছরের যুবক নিশান্ত কেরকেট্টা।
ঝাড়খণ্ডের সিমডেগার বাসিন্দা নিশান্তের জীবনযাপন আর স্বপ্নের গল্পটা বেশ অন্যরকম। পরিবারের কৃষিকাজে সাহায্য করার পাশাপাশি তিনি লালন করে চলেছেন মডেল হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবের দিকে এগিয়ে নিয়ে যেতে বেছে নিয়েছেন নিজের গ্রাম, কৃষিজমি আর সাধারণ জীবনকেই ভিডিওর মঞ্চ হিসেবে।
নিশান্তের তৈরি রিলগুলির বিশেষত্ব হল, সেখানে কৃত্রিম চাকচিক্যের বদলে উঠে আসে তাঁর বাস্তব জীবন। একটি ভিডিওতে দেখা যায়, খালি পায়ে, সাধারণ পোশাকে মাঠে বীজ ছড়াচ্ছেন তিনি। পরের দৃশ্যেই সেই যুবককে দেখা যায় নীল শার্ট ও প্লিটেড প্যান্টে একেবারে অন্য রূপে। কখনও সাদা শার্ট, টাই, ডেনিম ও বুট, কখনও লম্বা কোট—আবার কখনও কালো স্যুটে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন তিনি।
গ্রামের মাটির সঙ্গে ফ্যাশনের এই অদ্ভুত মেলবন্ধনই নজর কেড়েছে নেটিজেনদের। তাঁর একটি রিল লক্ষ লক্ষ ভিউ ও লাইক পেয়েছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁকে ‘অরা ফার্মার’ নামে ডাকতে শুরু করেছেন। কৃষিকাজের পরিচয় বজায় রেখেই স্টাইল আর আত্মবিশ্বাসের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন নিশান্ত।
তবে তাঁর এই যাত্রাপথ মোটেই সহজ ছিল না। দ্য বেটার ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, নিশান্তের পরিবার দীর্ঘদিন ধরেই কৃষিকাজের সঙ্গে যুক্ত। স্নাতক হওয়ার পর তিনিও পরিবারের সঙ্গে চাষের কাজে হাত লাগান। কিন্তু বাবার ব্রেন হেমারেজ হওয়ার পর পরিবারের দায়িত্ব আরও বেড়ে যায়। সংসারের প্রয়োজনে কৃষিকাজে আরও বেশি সময় দিতে হয় তাঁকে। তাঁর মা একটি বেসরকারি স্কুলে শিক্ষিকার কাজ করতেন, বর্তমানে তিনি অবসর নিয়েছেন।
পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দেননি নিশান্ত। মাঠে কাজ করার পাশাপাশি সময় বের করে চালিয়ে গিয়েছেন মডেল হওয়ার চেষ্টা। তাঁর ভিডিওর মাধ্যমে সেই স্বপ্নের ঝলকই ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে আরও বেশি মানুষের কাছে।
নিশান্তের এই ব্যতিক্রমী স্টাইল নজর কেড়েছে বলিউডের তারকাদেরও। অভিনেত্রী ভূমি পেডনেকর তাঁর ভিডিওতে মন্তব্য করেছেন, ‘ক্যা বাত হ্যায়!’ অর্থাৎ, অসাধারণ! অভিনেত্রী শিবানী দান্ডেকরও তাঁর স্টাইলের প্রশংসা করেছেন। অন্যদিকে, নেটিজেনদের কেউ লিখেছেন, ‘অরা ফার্মার’, আবার কেউ তাঁর রূপান্তর দেখে বিস্ময় প্রকাশ করেছেন।
নিশান্তের গল্প শুধু পোশাক বদলে চমকে দেওয়ার গল্প নয়। গ্রামের মাটিতে দাঁড়িয়েও যে বড় স্বপ্ন দেখা যায়, পরিবারের দায়িত্ব পালন করেও যে নিজের পরিচয় তৈরির চেষ্টা চালিয়ে যাওয়া যায়, তাঁর ভিডিও যেন সেই বার্তাই দিচ্ছে। কৃষিজমিই তাঁর কর্মক্ষেত্র, আর সেই জমির বুক থেকেই মডেল হওয়ার স্বপ্নকে সামনে নিয়ে এগিয়ে চলেছেন এই তরুণ।


