পুরুলিয়ার মাটিতে এবার জোর কদমে এগোচ্ছে ‘পরিবর্তন যাত্রা’। পুরুলিয়া–বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সীমানা রঘুনাথপুর বাজারে পৌঁছতেই এই যাত্রাকে ঘিরে দেখা গেল উৎসাহের আবহ। স্থানীয় মানুষ ও দলীয় কর্মীদের উপস্থিতিতে রঘুনাথপুর বাজার কার্যত জমজমাট হয়ে ওঠে। পরিবর্তন যাত্রাকে স্বাগত জানাতে সেখানে আয়োজন করা হয় এক জনসভারও।
এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের বার্তা নিয়ে এগিয়ে চলেছে এই যাত্রা। রাজ্যের নানা প্রান্তে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, দীর্ঘদিনের পুরোনো কর্মীরা নতুন করে উজ্জীবিত হচ্ছেন, পাশাপাশি নতুন প্রজন্মও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন।
দিলীপ ঘোষের দাবি, মানুষের এই সমর্থনই বাংলায় আগামী দিনে বড় পরিবর্তনের পথ তৈরি করবে। সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই রাজ্যে প্রকৃত পরিবর্তন সম্ভব হবে বলেও বার্তা দেন তিনি।
পুরুলিয়ায় ‘পরিবর্তন যাত্রা’, রঘুনাথপুর বাজারে জনসভা করে বার্তা দিলেন দিলীপ ঘোষ


