রাষ্ট্রপতি সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে তিনি উপস্থিত ছিলেন না— এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, কোনওভাবেই প্রটোকল ভঙ্গ হয়নি। বরং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ তুলেছেন তিনি।
সম্প্রতি শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গ সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সফরে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। এমনকি এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই নিজের এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল নামে একটি বেসরকারি সংগঠন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে ওই অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে একাধিক সমস্যা ছিল বলে আগেই রাষ্ট্রপতি সচিবালয়কে লিখিতভাবে জানানো হয়েছিল। ফোনেও বিষয়টি জানানো হয়। এমনকি গত ৫ মার্চ রাষ্ট্রপতির সচিবালয়ের আধিকারিকরা সভাস্থল পরিদর্শনে এলে তাঁদের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছিল বলে দাবি করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রাষ্ট্রপতি শিলিগুড়িতে পৌঁছানোর পর সরকারি নিয়ম মেনেই তাঁকে অভ্যর্থনা জানান স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সেখানে উপস্থিত ছিলেন। প্রথা মেনেই রাষ্ট্রপতিকে স্বাগত ও বিদায় জানানো হয়েছে। তাই প্রটোকল ভঙ্গের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও স্পষ্ট করে জানান, ওই অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কোনও কর্মসূচিই ছিল না। জেলা প্রশাসনের উপস্থিতিতেই সরকারি নিয়ম মানা হয়েছে। এরপরই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে অসম্মান ও অপব্যবহার করছে বিজেপি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
উল্লেখ্য, এই ঘটনা নিয়ে মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছোট বোনের মতো এবং তিনি নিজেও বাংলার মেয়ে। হয়তো কোনও কারণে মুখ্যমন্ত্রী তাঁকে স্বাগত জানাতে আসতে পারেননি বলেই মনে করছেন তিনি। রাষ্ট্রপতির এই মন্তব্য সামনে আসতেই বিষয়টি নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, রাষ্ট্রপতির প্রতি এই আচরণ লজ্জাজনক এবং অভূতপূর্ব।
এই পরিস্থিতিতেই এবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


