রাজ্যের সরকারি কর্মী, পেনশনভোগী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ROPA 2009 অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) আগামী মার্চ ২০২৬ থেকে দেওয়া শুরু হবে।
রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, মা-মাটি-মানুষ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী, পেনশনভোগী, শিক্ষক ও অশিক্ষক কর্মী উপকৃত হবেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, শুধু রাজ্য সরকারের কর্মীরাই নন, পঞ্চায়েত, পুরসভা, বিভিন্ন স্থানীয় সংস্থা এবং গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও পেনশনভোগীরাও এই বকেয়া ডিএ পাবেন। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তরের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতিতে মার্চ ২০২৬ থেকে ধাপে ধাপে এই বকেয়া ডিএ প্রদান শুরু হবে। এর ফলে বহুদিনের দাবি পূরণ হওয়ায় স্বস্তি মিলবে রাজ্যের বিপুল সংখ্যক কর্মী ও অবসরপ্রাপ্তদের।


