আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দ্বিতীয় দফায় ১১১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল। তালিকায় একাধিক কৌশলগত পরিবর্তন করে চমক দিয়েছে গেরুয়া শিবির।
সবচেয়ে বড় চমক অর্জুন সিংকে ঘিরে। দীর্ঘদিনের ঘাঁটি ভাটপাড়া থেকে সরিয়ে তাঁকে নোয়াপাড়ায় প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বারাকপুরে প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়বেন আইনজীবী কৌস্তুভ বাগচী। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের রাজ চক্রবর্তী।
তারকা প্রার্থীদেরও সামনে এনেছে বিজেপি। সোনারপুর দক্ষিণে প্রার্থী হয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। টালিগঞ্জে লড়বেন পাপিয়া অধিকারী। এন্টালি আসনে টিকিট পেয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
এছাড়াও মাথাভাঙা থেকে প্রার্থী করা হয়েছে নিশীথ প্রামাণিককে। হিঙ্গলগঞ্জে লড়বেন সন্দেশখালির মুখ রেখা পাত্র। এগরা থেকে প্রার্থী হয়েছেন দিব্যেন্দু অধিকারী।
সব মিলিয়ে, পুরনো ও নতুন মুখের মিশেলে বাংলা দখলের লড়াইয়ে নতুন কৌশল নিয়েছে বিজেপি। আসন বদল ও চমকপ্রদ প্রার্থী তালিকা যে ভোটের লড়াইকে আরও জমিয়ে তুলবে, তা বলাই যায়।


