চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রায় ২২ দিন পর অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এল। একাধিক প্রশ্নের মুখে পড়ে অবশেষে মধ্যরাতে প্রথম দফার অতিরিক্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে কতজনের নাম নিষ্পত্তি হয়েছে বা কতজনের নাম বাদ পড়েছে—সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য জানানো হয়নি। ফলে ভোটারদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, বুথভিত্তিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে সব বুথের তালিকা ডাউনলোড করা যাচ্ছে না বলেও অভিযোগ উঠছে।
অভিযোগ উঠেছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে না জানিয়েই জাতীয় নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করেছে। ফলে তালিকা প্রকাশের আগে পর্যন্ত কোনও তথ্যই হাতে ছিল না রাজ্যের আধিকারিকদের। সোমবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, এখনও পর্যন্ত প্রায় ২৯ লক্ষ আবেদন নিষ্পত্তি হয়েছে। তবে অর্ধেকের কাছাকাছি নামের ‘ই-সাইন’ না থাকায় ঠিক কতজনের নাম বাদ পড়েছে তা স্পষ্ট নয়।
এদিকে খবর, জেলাশাসকের দপ্তর, বিডিও ও এসডিও অফিসে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। পাশাপাশি বুথের দায়িত্বে থাকা বিএলওদের কাছেও তালিকা পৌঁছে দেওয়া হবে। কমিশনের দাবি, মঙ্গলবার দুপুরের মধ্যেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
পরবর্তী অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে আগামী শুক্রবার। যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।


