অশান্ত মালদহে শক্তিপ্রদর্শনে নামছেন মমতা, জনসভা শেষে ইংরেজবাজারে মেগা রোড শো

Spread the love

ভোটের মুখে মালদহ জেলায় ক্রমশ তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এসআইআর-এ নাম বাদ পড়া ঘিরে মোথাবাড়ি, কালিয়াচক ও সুজাপুরে যে অশান্তির আবহ তৈরি হয়েছে, তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কোথাও কোথাও পুলিশের উপর হামলার ঘটনাও সামনে এসেছে। প্রশাসনের দাবি, বহিরাগত উসকানির যোগ মিলেছে এবং ইতিমধ্যেই এক মিম নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তবুও অস্বস্তি কাটেনি।

এই আবহেই সরাসরি মাঠে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বার্তা স্পষ্ট—ভয় নয়, রাস্তায় নেমেই জবাব। শনিবার মালদহ জেলাতেই একদিনে একাধিক জনসভা করবেন তিনি। মানিকচক, রতুয়া-মালতীপুর ও গাজোলে সভা সেরে বিকেলে ইংরেজবাজারে বিশাল রোড শো-তে অংশ নেবেন তৃণমূল নেত্রী।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই রোড শো শুধু প্রচারের জন্য নয়, বরং অশান্তির আবহে কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই উদ্যোগ। তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে আয়োজিত এই মিছিল শুরু হবে রবীন্দ্রমূর্তি থেকে। সেখান থেকে ফোয়ারা মোড়, নেতাজি মোড়, ফুলবাড়ি, পাকুড়তলা মোড় পেরিয়ে কবি সুকান্ত মোড় পর্যন্ত যাবে মিছিল। বিকেল ৩টে নাগাদ শুরু হওয়ার কথা।

একদিনে তিনটি জনসভা ও তার পরেই জনবহুল ইংরেজবাজারে দীর্ঘ রোড শো—এই কর্মসূচি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, বর্তমান উত্তেজনার আবহে এই কর্মসূচির মূল লক্ষ্য কর্মীদের মনোবল বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে নিরাপত্তা ও স্থিতিশীলতার বার্তা পৌঁছে দেওয়া।

ভোটের আগে মালদহে তাই এবার শুধু প্রচার নয়, সরাসরি শক্তিপ্রদর্শনের মঞ্চ তৈরি করছে তৃণমূল। অশান্তির মাঝেই রাস্তায় নেমে লড়াইয়ের বার্তা দিতেই প্রস্তুত দলীয় নেতৃত্ব।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *