পয়লা বৈশাখে ভোটাধিকার রক্ষার বার্তা মমতার, নাম না করে বিজেপিকে তোপ

Spread the love

বাংলা নববর্ষের সকালে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখের এই বিশেষ দিনে তিনি শুধু শুভেচ্ছাই জানাননি, বরং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য ভোটাধিকার প্রয়োগের আবেদনও জানিয়েছেন। একই সঙ্গে নাম না করে বিজেপিকে কটাক্ষ করে রাজনৈতিক বার্তাও দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট ও ভিডিও বার্তা শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন, “রাজ্যের সকল প্রান্তের মানুষকে হৃদয়ের অন্তর থেকে জানাই বাংলা নববর্ষের শুভনন্দন। এই নবীন ঊষালগ্নে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক গ্লানিমুক্ত। নতুনের এই আবাহনে প্রতিটি প্রাণ পবিত্রতায় ভরে উঠুক।”

নববর্ষের সকালে রাজ্যের উন্নয়ন ও সরকারি প্রকল্পগুলির কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরও রাজ্যের তৃণমূল সরকার মানুষের জন্য একের পর এক সামাজিক প্রকল্প চালু করেছে। তাঁর কথায়, ইতিমধ্যেই রাজ্যে ১০৫টি সামাজিক প্রকল্প চালু হয়েছে এবং আগামী দিনেও মানুষের কল্যাণই সরকারের প্রধান লক্ষ্য থাকবে।

একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বাংলার উপর জুলুম-অত্যাচার চালানো হচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি যেন এক ধরনের ‘ভ্যানিশ ওয়াশিং মেশিন’, যেখানে সবকিছু ধুয়ে ফেলার চেষ্টা চলছে।

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এসআইআর প্রক্রিয়ার কারণে বহু যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। সেই সব ভোটারের অধিকার ফিরিয়ে আনতে অনেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

নববর্ষের সকালে শুভেচ্ছার সঙ্গে রাজনৈতিক বার্তা দিয়ে কার্যত রাজ্যের ভোটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী—গণতন্ত্র রক্ষায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *