*১. রাজ্যের বিভিন্ন দপ্তরে ১০,১৪৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত*
রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে মোট ১০,১৪৬টি পদে নিয়োগের প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এর মধ্যে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দপ্তরের অধীনে পুলিশ ও ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে (EFR) ৯,২৫০টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৬৫০ জন সাব-ইন্সপেক্টর, ৮,০০০ জন কনস্টেবল এবং ৬০০ জন রাইফেলম্যান নিয়োগ করা হবে। এছাড়াও অ্যান্টি-নারকোটিক বিভাগে ৪৮টি এবং সাইবার ক্রাইম বিভাগে ১৬০টি পদে নিয়োগের প্রস্তাব রয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পর্যটন, নগরোন্নয়ন-সহ অন্যান্য দপ্তরেও নিয়োগ করা হবে।

PSC, Police Recruitment Board, Health Recruitment Board এবং অন্যান্য সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্য সরকারের লক্ষ্য আগামী দিনে মোট ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা। ডিসেম্বর মাসে আরও ১,৩৩১ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়েছে।পাশাপাশি নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং আগামী জানুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
*২. সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি সম্পূর্ণ মকুব*
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের পর থেকে রাজ্য সরকারের অধীনে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলির ক্ষেত্রে চাকরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনও আবেদন বা পরীক্ষা ফি দিতে হবে না। আগে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ২৫০ টাকা পর্যন্ত ফি দিতে হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে এই খরচ বহন করবে রাজ্য সরকার।
*৩. যুবসাথী প্রকল্পের পরিবর্তে নতুন ‘ভরসা’ কর্মসূচি*
পূর্ববর্তী যুবসাথী প্রকল্পের নাম পরিবর্তন করে ‘ভরসা’ কর্মসূচি চালু করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। যুবকল্যাণ দপ্তরকে এই প্রকল্পের নোডাল দপ্তর করা হয়েছে।

জানুয়ারি ২০২৭ থেকে আগামী ১৫ মাসের জন্য এই প্রকল্পের অধীনে:
• স্নাতক এবং সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত যোগ্য যুবক-যুবতীরা মাসে ২,০০০ টাকা পাবেন।
• অন্যান্য যোগ্য অ-স্নাতক যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা পাবেন।
প্রাথমিকভাবে পূর্ববর্তী প্রকল্পের আওতায় ডিজিটাইজ হওয়া ৫৪ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করা হবে। আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের পর উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। এই যাচাই প্রক্রিয়া ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
যাঁরা পূর্ববর্তী প্রকল্পে আবেদন করতে পারেননি অথবা বঞ্চিত হয়েছেন, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট দপ্তর সেই আবেদন যুবকল্যাণ দপ্তরে পাঠাবে এবং প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্ত করা হবে। এই আবেদন প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে।

এই প্রকল্পের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার অধীনে মাসে ৩,০০০ টাকা ভাতা পাওয়া মহিলারা সুবিধা পাবেন না। একটি পরিবার থেকে সর্বোচ্চ দুজন এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। পরবর্তী আর্থিক বছর অর্থাৎ ২০২৮-২৯ থেকে সংকল্পপত্র অনুযায়ী ৩,০০০ ও ২,০০০ টাকার বর্ধিত আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনার কথা জানানো হয়েছে।
*৪. জানুয়ারি ২০২৭ থেকে মাসিক বিদ্যুৎ বিল*
সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারের বিদ্যুৎ বণ্টন সংস্থা WBSEDCL-এর অধীন গ্রাহকদের জন্য ত্রৈমাসিক বিদ্যুৎ বিলের পরিবর্তে মাসিক বিল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি ২০২৭ থেকে প্রতি মাসে মিটার রিডিং নেওয়া হবে এবং সেই অনুযায়ী বিল প্রদান করা হবে। CESC-কেও একই ব্যবস্থা অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
*৫. অনাথ ও বিশেষভাবে সক্ষমদের আবাসনে খাদ্য বরাদ্দ বৃদ্ধি*
সামাজিক কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে অনাথ আশ্রম এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আবাসনগুলিতে খাদ্য বাবদ মাথাপিছু দৈনিক বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭ সালের পর এই বরাদ্দ বৃদ্ধি করা হয়নি বলে জানানো হয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন বরাদ্দ কার্যকর হবে।
*৬. প্রাণিসম্পদ বিকাশে ‘গোকুল মিশন’ ও গোশালার জন্য আর্থিক সহায়তা*
রাজ্যের প্রাণিসম্পদ বিকাশে ‘গোকুল মিশন’ চালুর অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি গোশালা, ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানগুলিকে বয়স্ক এবং অসুস্থ গবাদি পশুর রক্ষণাবেক্ষণ, চিকিৎসা ও পরিচর্যার জন্য বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রকল্পের বিস্তারিত নির্দেশিকা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা হবে। দুগ্ধ উৎপাদনকারী গবাদি পশু কেনার ক্ষেত্রেও সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।
*৭. পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতেও ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব*
রাজ্যের নামের ইংরেজি বানান পরিবর্তন করে ‘West Bengal’-এর পরিবর্তে ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব আনা হবে। বিধানসভায় অনুমোদনের পর প্রস্তাবটি পরবর্তী সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার জন্য ভারত সরকারের কাছে পাঠানো হবে।

*৮. শীতকালীন অধিবেশনে আটটি বিল আনার সিদ্ধান্ত*
আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে আটটি বিল আনার প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত বিলগুলির মধ্যে রয়েছে:
• West Bengal Panchayat Act, 1973-এর সংশোধনী বিল।
• West Bengal Land Reforms (Third Amendment) Bill, 2026।
• West Bengal Ease of Doing Business Bill, 2026।
• West Bengal Jan Vishwas Amendment of Provisions Bill, 2026।
• West Bengal Shops and Establishments (Amendment) Bill, 2026।
• West Bengal Occupational Safety, Health and Working Conditions সংক্রান্ত বিল।
• West Bengal Sales Tax Settlement of Disputes (Amendment) Bill, 2026।
• গণশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের একটি বিল।
এছাড়াও সরাই লাইসেন্স সংক্রান্ত আইন প্রত্যাহার এবং প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করার বিষয়েও সিদ্ধান্ত ও প্রস্তাবের কথা জানানো হয়েছে।
*৯. রামকৃষ্ণ মিশনের শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা*
রামকৃষ্ণ মিশন পরিচালিত আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং সেবা কেন্দ্রকে বার্ষিক আর্থিক সহায়তার আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা।
*১০. শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি*
গত ছয় মাসে রাজ্যে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পেয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর ফলে ডিসেম্বর মাস থেকে রাজ্যকে অতিরিক্ত বিদ্যুৎ কিনতে হবে। স্বচ্ছ ও উন্মুক্ত আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে বিদ্যুৎ কেনার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
আজকের মন্ত্রিসভার সিদ্ধান্তগুলির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, যুবসমাজের আর্থিক সুরক্ষা, সামাজিক কল্যাণ, প্রাণিসম্পদের সংরক্ষণ এবং সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের পরিকল্পনা তুলে ধরা হয়ছে।


