মঞ্চে উঠে গান গেয়েছিলেন। কিন্তু মাথায় ছিল না হিজাব। আর সেই ‘অপরাধেই’ ইরানে ভয়াবহ শাস্তির মুখে পড়লেন এক গায়িকা। আদালতের নির্দেশে তাঁকে ৭৪ ঘা চাবুক মারার সাজা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, আগামী দু’বছর গান গাওয়া থেকেও তাঁকে নিষিদ্ধ করা হয়েছে।
শাস্তির আরও এক ধাপ—এই সময়ের মধ্যে দেশ ছাড়তেও পারবেন না ওই গায়িকা। অর্থাৎ গান গাওয়ার পাশাপাশি তাঁর চলাফেরার স্বাধীনতার উপরও পড়েছে নিষেধাজ্ঞা।
ঘটনা প্রকাশ্যে আসতেই ইরানের বিরুদ্ধে ফের তীব্র সমালোচনার ঝড় উঠেছে। একজন শিল্পীর মঞ্চে পোশাক এবং গান পরিবেশনকে কেন্দ্র করে এমন কঠোর শাস্তি কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। হিজাব সংক্রান্ত ইরানের কড়া বিধিনিষেধ এবং নারীদের উপর তার প্রয়োগ নিয়েও নতুন করে শুরু হয়েছে বিতর্ক।


