ভোটের আগে আবার তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার ভোর থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছে তারা। সল্টলেক ও মিডলটন স্ট্রিট-সহ শহরের মোট পাঁচটি জায়গায় হানা দিয়েছে ইডির দল। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে তল্লাশি।
সূত্রের খবর, সম্প্রতি একটি নামী রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ ওঠে। সেই সংস্থার মালিককেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই মামলার সূত্র ধরেই শুক্রবার সকালে সল্টলেকের সিএফ ও সিকে ব্লকের কয়েকটি বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। বাড়িগুলি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। আপাতত বাড়িতে প্রবেশ বা সেখান থেকে বেরোনোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া ভোর সাড়ে পাঁচটা নাগাদ মিডলটন স্ট্রিটের একটি বাড়িতেও তল্লাশি শুরু করে ইডির দল। পাশাপাশি এক হিসাবরক্ষকের দপ্তরেও জোর তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখছেন বলেই সূত্রের দাবি।


