রাজ্যে বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে কড়া অবস্থান নিল বিজেপি সরকার। কোনওভাবেই বেআইনি নির্মাণ বা সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেআইনি মাদ্রাসা চলতে থাকলে প্রয়োজনে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হবে।
শনিবার বর্ধমানে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষুদিরাম টুডু বলেন, “কোনও বেআইনি কাজ একেবারেই বরদাস্ত করা হবে না। সরকারি জায়গা দখল করে থাকলে তা উদ্ধার করা হবে। বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে।” তাঁর বক্তব্য, প্রশাসনের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে, এবার সেই সব পরিষ্কার করার কাজ শুরু হবে।
এদিন মন্ত্রী আরও বলেন, “বিভিন্ন দপ্তরে ঘুঘুর বাসা রয়েছে। সেই বাসা ভাঙা হবে। সাবধান হয়ে যান, জামা পাল্টে ফেলুন।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
উল্লেখ্য, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং অসম-এ এর আগেই বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে প্রশাসনিক অভিযান চালানো হয়েছে। একাধিক জায়গায় বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হয়। এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই রাজনৈতিক মহলের ধারণা।


