ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশে নতুন নজির গড়ল আর্জেন্টিনা। দেশটির প্যাটাগোনিয়া অঞ্চলের নিউকেন প্রদেশের কাট্রাল কো শহরে উন্মোচন করা হয়েছে ৮৫ ফুট (২৬ মিটার) উচ্চতার এক বিশাল মূর্তি। এটিই এখন পর্যন্ত বিশ্বে মেসিকে উৎসর্গ করা সবচেয়ে উঁচু ভাস্কর্য।
প্রায় ৭০ টন ইস্পাত ও লোহা দিয়ে তৈরি এই স্মারকে দেখা যায়, হাঁটু গেড়ে বসে দুই পায়ের মাঝে বিশ্বকাপ ট্রফি রেখে এক হাত উঁচিয়ে উদযাপন করছেন মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন মূর্তিটি উন্মোচন করা হয়, যা ইতিমধ্যেই দেশি-বিদেশি ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
এই ভাস্কর্যের নির্মাতা স্থানীয় শিল্পী আলদো বেরোইসা। এক বছরেরও বেশি সময় ধরে তিনি মূর্তিটি নির্মাণ করেছেন। তাঁর কথায়, এটি শুধু একজন ফুটবলারের স্মৃতিচিহ্ন নয়, বরং এমন এক মানুষের প্রতি শ্রদ্ধা, যিনি মাঠের সাফল্য দিয়ে পুরো আর্জেন্টিনাকে একসূত্রে বেঁধেছেন।
নতুন এই মূর্তিটি উচ্চতায় ছাপিয়ে গেছে ভারতের কলকাতায় ২০২৫ সালের ডিসেম্বরে স্থাপিত ৭০ ফুটের মেসি মূর্তিকে। তবে কাঠামোগত নিরাপত্তাজনিত সমস্যার কারণে সেই ভাস্কর্য পরে সরিয়ে নেওয়া হয়েছিল।
আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি এখনও জাতীয় দলের জার্সিতে আলো ছড়িয়ে চলেছেন। অনেকের মতে, এটি হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। তাই তাঁর সম্মানে তৈরি এই বিশাল স্মারক শুধু একটি শিল্পকর্ম নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাস, আবেগ ও গৌরবের স্থায়ী প্রতীক হয়ে থাকবে।


