টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী ও অভিনেতা বিবেক দাহিয়ার জীবনে এখন শুধুই আনন্দের সময়। দীর্ঘ দশ বছরের দাম্পত্য জীবনের পর গত ২৬ মে ২০২৬ সালে যমজ পুত্রসন্তানের জন্ম হয় তাঁদের পরিবারে। সন্তান জন্মের প্রায় পাঁচ সপ্তাহ পর ঘরোয়া আয়োজনেই অনুষ্ঠিত হল দুই খুদের নামকরণ অনুষ্ঠান, যার ঝলক তুলে ধরেছেন বিবেক তাঁর নতুন ভ্লগে।
এই বিশেষ দিন উপলক্ষে বাড়িতে আয়োজন করা হয়েছিল সত্যনারায়ণ পুজোর। দিব্যাঙ্কা জানান, গত বছরও একই পুজো করেছিলেন সন্তান লাভের প্রার্থনা করে। সেই মনস্কামনা পূর্ণ হওয়ায় এবার ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতেই ফের একই পুজোর আয়োজন করেন তিনি।
অনুষ্ঠানে সম্পূর্ণ ঐতিহ্য মেনে সাজেন দিব্যাঙ্কা। ‘ষোলো শৃঙ্গার’-এ সেজে পায়ে আলতা পরেন তিনি। শুধু তাই নয়, দুই শিশুর ছোট্ট পায়েও আলতা পরানো হয়। এরপর ধর্মীয় নিয়ম মেনে অষ্টগন্ধ দিয়ে পানপাতার উপর প্রথমে বড় সন্তানের, তারপর ছোট সন্তানের নাম লেখেন বিবেক দাহিয়া। পরে পরিবারের প্রত্যেকে একে একে নবজাতকদের কানে তাঁদের নাম উচ্চারণ করে আশীর্বাদ জানান।
তবে এত সুন্দর মুহূর্ত ভাগ করে নিলেও সন্তানদের পরিচয় এখনও প্রকাশ্যে আনেননি দিব্যাঙ্কা ও বিবেক। তাঁদের মুখ কিংবা নাম—কোনোটাই এখনও সামনে আনেননি এই তারকা দম্পতি। আপাতত আদর করে দুই সন্তানকে ‘টি১’ এবং ‘টি২’ বলেই ডাকছেন তাঁরা।
২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া। জনপ্রিয় ধারাবাহিক ইয়ে হ্যায় মোহাব্বতেইন-এর সেট থেকেই তাঁদের প্রেমের শুরু। এরপর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এ বছর যমজ সন্তানের আগমনে পূর্ণতা পেয়েছে তাঁদের সংসার।
এর আগে প্রথম ‘ফাদার্স ডে’ উপলক্ষে আবেগঘন এক খোলা চিঠিও লিখেছিলেন বিবেক। সেখানে তিনি জানিয়েছিলেন, বাবা হওয়ার অনুভূতি জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। রাত জেগে সন্তান সামলানো, ডায়াপার বদলানো থেকে শুরু করে প্রতিটি ছোট মুহূর্তই তাঁর কাছে আজ নতুন এক আনন্দের সংজ্ঞা।


