হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর হাতে অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার সকালে খবর পেয়েই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
চিনার পার্কের বাড়ি থেকে সোজা দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। মিঠুনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যরা।
হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, মিঠুন বাংলার সম্পদ। তাঁর কথায়, “উনি বাংলার সম্পদ। তাঁর সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, মিঠুনের ছোট একটি অস্ত্রোপচার হয়েছে এবং তিনি বর্তমানে ভালো আছেন।
রাজনীতির ময়দানেও মিঠুন ও শুভেন্দুর যোগাযোগ নতুন নয়। কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দেন মিঠুন। এরপর দলের হয়ে একাধিক নির্বাচনী প্রচারে তাঁকে দেখা গিয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও বয়সকে উপেক্ষা করে বিজেপির হয়ে জোরদার প্রচার চালিয়েছেন ‘মহাগুরু’। বিভিন্ন এলাকায় রোড শো করেছেন, সভা করেছেন। প্রচারের মাঝেই অসুস্থ হয়ে পড়লেও থামেননি তিনি।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই নিউটাউনে মিঠুনের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু। এবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই ফের তাঁর সঙ্গে দেখা করতে ছুটে গেলেন তিনি।
এদিকে, মিঠুনের সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু। হাসপাতাল সূত্রে খবর, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা ভালো। সবকিছু ঠিক থাকলে আগামী দু’-এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।


