বিবাহবিচ্ছেদের মামলা ঘিরে তৈরি হওয়া জল্পনায় আপাতত নতুন মোড়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম নাকি তাঁর দায়ের করা ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। চেঙ্গলপাট্টু ফ্যামিলি কোর্টে দায়ের হওয়া মামলাটি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে বলে খবর।
এর আগে স্বামী বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। অভিযোগের কেন্দ্রে ছিল পরকীয়া এবং মানসিক নির্যাতনের মতো গুরুতর বিষয়। সেই মামলা ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল নানা জল্পনা।
তবে মামলার শুনানিতে দু’পক্ষই ব্যক্তিগতভাবে আদালতে হাজির না হওয়ায় শুনানি পিছিয়ে যায়। পরবর্তী শুনানির নির্দিষ্ট তারিখও দেওয়া হয়নি। এর মধ্যেই সঙ্গীতার তরফে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন আপাতত মিটেছে?
যদিও মামলা প্রত্যাহারের প্রকৃত কারণ নিয়ে এখনও স্পষ্ট কোনও বক্তব্য সামনে আসেনি। ফলে বিজয় ও সঙ্গীতার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা থাকছেই।


