দেশে শিল্প পরিকাঠামো তৈরিতে কেন্দ্রের বড় উদ্যোগ। অথচ সেই উদ্যোগের প্রথম ধাপেই জায়গা হল না পশ্চিমবঙ্গের। ‘ভব্য’ প্রকল্পে দেশের বিভিন্ন রাজ্য থেকে শিল্পতালুক গড়ার প্রস্তাব জমা পড়লেও বাংলার তরফে একটি প্রস্তাবও যায়নি বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।
দেশজুড়ে মোট ১০০টি শিল্পতালুক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। প্রথম পর্যায়ে ৫০টি শিল্পতালুক তৈরির জন্য রাজ্যগুলির কাছে প্রস্তাব চাওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৮৭টি প্রস্তাব জমা পড়েছে। কিন্তু সেই তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই।
কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, শিল্পতালুকগুলিতে তৈরি করা হবে আধুনিক ‘প্লাগ অ্যান্ড প্লে’ পরিকাঠামো। অর্থাৎ প্রয়োজনীয় জমি ও পরিকাঠামো প্রস্তুত থাকায় বিনিয়োগকারী সংস্থাগুলি দ্রুত উৎপাদনে যেতে পারবে। প্রকল্পটির মাধ্যমে দেশের শিল্প উৎপাদন বাড়ানো এবং বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী করাই লক্ষ্য।
এই প্রকল্পে মোট ৩৩,৬৬০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। প্রতিটি শিল্পতালুকের জন্য প্রায় ১০০ থেকে ১,০০০ একর জমির প্রয়োজন হতে পারে। পরিকাঠামো তৈরিতে কেন্দ্রের তরফে আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে।
প্রথম দফায় মহারাষ্ট্র ১৪টি এবং মধ্যপ্রদেশ ১১টি শিল্পতালুকের জন্য প্রস্তাব দিয়েছে। একাধিক রাজ্য সক্রিয়ভাবে এগিয়ে এলেও পশ্চিমবঙ্গের তরফে কোনও প্রস্তাব না যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন এমন একটি শিল্পকেন্দ্রিক প্রকল্পে রাজ্য পিছিয়ে রইল।
বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ লিখিত জবাবে জানান, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এখনও কোনও প্রস্তাব পাওয়া যায়নি।
তবে প্রথম দফায় নাম না থাকলেও প্রকল্পের পরবর্তী পর্যায়ে বাংলার সুযোগ রয়েছে। এখন দেখার, দ্বিতীয় ধাপে রাজ্য সরকার শিল্পতালুক তৈরির প্রস্তাব নিয়ে কেন্দ্রের কাছে যায় কি না। কারণ শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এমন একটি কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলা কতটা সুবিধা নিতে পারে, তা নিয়েই এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে।


