দীর্ঘদিন পর ফের নড়েচড়ে বসেছে আর জি কর কাণ্ডের তদন্ত। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্তের গতি বাড়ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনাস্থল-সহ হাসপাতাল চত্বরের একাধিক জায়গা ঘুরে দেখেছেন তদন্তকারীরা। এবার তদন্তের পরবর্তী ধাপে ঘটনার রাতে হাসপাতালে উপস্থিত থাকা একাধিক ব্যক্তিকে ফের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।
সূত্রের দাবি, ঘটনার রাতে ‘অভয়া’র সঙ্গে ডিনারে থাকা বন্ধুদেরও তলব করা হতে পারে। তাঁদের পাশাপাশি সেই রাতে ডিউটিতে থাকা নার্স, চিকিৎসক, নিরাপত্তারক্ষী এবং আদালতে সাক্ষ্য দেওয়া হাসপাতালের কর্মীদেরও নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারীদের মূল লক্ষ্য, ঘটনার আগে ও পরে হাসপাতালের ভিতরে ঠিক কী ঘটেছিল, তা আরও একবার খতিয়ে দেখা।
শুধু তাই নয়, প্রয়োজনে জেলবন্দি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। তবে তাঁকে জেরা করতে হলে আদালতের অনুমতি নিতে হবে।
এর আগে এই মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ-সহ কয়েকজনের পলিগ্রাফ পরীক্ষা হয়েছিল। নিরাপত্তারক্ষীদেরও ওই পরীক্ষার আওতায় আনা হয়। কিন্তু তদন্তের বেশ কিছু দিক এবং আগের প্রক্রিয়া নিয়ে নতুন তদন্তকারীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে সূত্রের দাবি। সেই কারণেই পুরনো তথ্য, সাক্ষ্য ও প্রমাণ ফের মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ নজরে রয়েছে হাসপাতালের সিসিটিভি ফুটেজও। ঘটনার দিন কে কখন কোথায় ছিলেন, কার সঙ্গে কার যোগাযোগ হয়েছিল এবং নির্যাতিতার সঙ্গে ডিনারে কারা উপস্থিত ছিলেন—এই সমস্ত তথ্য ফের যাচাই করা হতে পারে।
এর আগে নির্যাতিতার মা দাবি করেছিলেন, ঘটনার রাতে তাঁর মেয়ের সঙ্গে যাঁরা ডিনার করেছিলেন, তাঁদের ভূমিকা যথাযথভাবে তদন্তের আওতায় আনা প্রয়োজন। আদালতেও ডিনারে উপস্থিত ব্যক্তিদের বিষয়ে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছিল।
ইতিমধ্যেই তদন্তকারী অফিসার পরিবর্তন করা হয়েছে। সীমা পাহুজার পরিবর্তে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে। এর পরেই দিল্লি থেকে চার সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল আর জি কর হাসপাতালে পৌঁছয়। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিনিয়র আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফের ঘটনাস্থলে গিয়ে তদন্তকারীরা পরিস্থিতি খতিয়ে দেখায় স্পষ্ট, পুরনো তথ্যেই থেমে থাকতে চাইছে না তদন্ত। নতুন করে সাক্ষীদের জেরা, সিসিটিভি যাচাই এবং প্রয়োজন হলে জেলবন্দি সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ—সব মিলিয়ে আর জি কর মামলার তদন্তে ফের তৈরি হয়েছে নতুন কৌতূহল। এবার এই পুনর্তদন্তে কোন নতুন তথ্য সামনে আসে, সেদিকেই নজর।


