কৃষকদের মুখে হাসি! ৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুবের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

Spread the love

তামিলনাড়ুর কৃষকদের জন্য বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই ফের কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিল তাঁর সরকার। এবার ৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মুকুবের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিজয় বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা করাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

গত মে মাসে ক্ষমতায় আসার মাত্র ১৫ দিনের মধ্যেই ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুবের সিদ্ধান্ত নিয়েছিল বিজয় সরকার। এবার সেই সীমা আরও বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ নেওয়া কৃষকরা পাবেন ১০০ শতাংশ ঋণমুকুবের সুবিধা।

শুধু তাই নয়, ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ নেওয়া কৃষকরাও বড় সুবিধা পাবেন। তাঁদের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত ঋণ মুকুব করা হবে। অন্যদিকে, ১ লক্ষ টাকার বেশি কৃষিঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কৃষকরাই রাজ্যের মেরুদণ্ড। তাঁদের আর্থিক স্বস্তি এবং সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কৃষকদের সুবিধার জন্য অতিরিক্ত ৯৫৩.০৬ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৭ আগস্ট কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নতুন এই ঘোষণার ফলে আরও প্রায় ১.৩৮ লক্ষ কৃষক অতিরিক্ত সুবিধা পাবেন। সব মিলিয়ে রাজ্যের ১৩.৩৪ লক্ষেরও বেশি কৃষক ঋণমুকুব প্রকল্পের আওতায় আসবেন।

সরকারের হিসাব অনুযায়ী, এই নতুন সিদ্ধান্তের পর কৃষকদের মোট ঋণমুকুবের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ৬,২২০ কোটি টাকা। ফলে কৃষকদের আর্থিক বোঝা কমানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও বড় প্রভাব পড়বে বলেই মনে করছে বিজয় সরকার।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *