মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বীরভূম সফরে শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর সফর ঘিরে বীরভূমে প্রশাসনিক তৎপরতা চরমে। তারাপীঠে মা তারার পুজো দেওয়ার পাশাপাশি রামপুরহাটে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। টুলুর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড এবং প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর আবহে শুভেন্দুর এই সফরকে ঘিরে বাড়তি নজর রয়েছে।
সফরসূচি অনুযায়ী, দুপুরে হেলিকপ্টারে তারাপুরের মাঠে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সোজা যাবেন তারাপীঠ মন্দিরে। পুজো শেষে রামপুরহাটে গিয়ে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাত্রাপথ পরিষ্কার করার পাশাপাশি তারাপীঠ মন্দির চত্বরেও চলছে বিশেষ সাফাই। মন্দিরে পুজোর সময় তৈরি করা হয়েছে পৃথক নিরাপত্তা বলয়। জেলা পুলিশের পাশাপাশি পাশের জেলা থেকেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানা গিয়েছে। এখন নজর, বীরভূম সফর থেকে কী রাজনৈতিক বা প্রশাসনিক বার্তা দেন মুখ্যমন্ত্রী।


