অমিতাভ বচ্চনের রসিকতার জবাব নেই! ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এবার সরাসরি বিবাহিত পুরুষদের সতর্ক করলেন বিগ বি। তাঁর পরামর্শ শুনে হেসে গড়াগড়ি দর্শকরা।
জয়া বচ্চনের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময়ের দাম্পত্য অমিতাভের। সেই দীর্ঘ অভিজ্ঞতা থেকেই যেন স্বামীদের ‘গুরুত্বপূর্ণ শিক্ষা’ দিলেন তিনি। বিগ বি-র সাফ কথা, জীবনের অনেক গুরুত্বপূর্ণ তারিখ ভুলে গেলেও বিয়ের তারিখ ভুললে চলবে না। কারণ, তার ফল ভয়ঙ্কর হতে পারে!
মজার ছলে অমিতাভ বলেন, “সকল স্বামীদের উদ্দেশে আমার কিছু বলার আছে, মন দিয়ে শুনুন। সব তারিখ হয়তো আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু বিয়ের তারিখ কখনওই ভুলবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ।”
এরপরই আসে আসল টুইস্ট। স্ত্রী যদি হঠাৎ জিজ্ঞেস করেন, “তোমার কি মনে আছে আমাদের বিয়েটা কবে হয়েছিল?”—সঠিক উত্তর দিতে না পারলেই বিপদ! অমিতাভের রসিক মন্তব্য, এমন পরিস্থিতিতে জুতো-চপ্পল উড়ে আসার জন্য প্রস্তুত থাকতে হবে।
তবে শুধু দাম্পত্যের মজাই নয়, KBC-র মঞ্চে নিজের পারিবারিক রুটিনের কথাও জানান অমিতাভ। এক প্রতিযোগী তাঁকে প্রশ্ন করেন, রাতে বাড়ি ফিরলে জয়া কি তাঁর জন্য খাবার নিয়ে অপেক্ষা করেন?
বিগ বি জানান, তাঁর শুটিংয়ের ব্যস্ত সময়সূচি সম্পর্কে পরিবারের সদস্যরা আগে থেকেই জানেন। তাই সেই অনুযায়ী রাতের খাবারের পরিকল্পনা হয়। সকালে ঘুম থেকে উঠেই পারিবারিক গ্রুপে হাতজোড় করে ‘নমস্কার’ লিখে মেসেজ করেন তিনি। তারপর জানান দিনের শুটিংয়ের সময়সূচি। দেরি করে ফিরতে হলে সেটাও আগেভাগে জানিয়ে দেন, যাতে তাঁর জন্য কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা না করেন।
অমিতাভের এই মজার কথোপকথনের ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। আর তাঁর ‘বিয়ের তারিখ ভুলবেন না’ পরামর্শ শুনে নেটপাড়ায় হাসির রোল!


