IAF-এ ইতিহাস শক্তি শর্মার, প্রথম নন-মেডিক্যাল মহিলা অফিসার হিসেবে এয়ার ভাইস মার্শাল

Spread the love

ভারতীয় বায়ুসেনার শীর্ষ নেতৃত্বে এবার আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। চিকিৎসা শাখার বাইরে প্রথম মহিলা অফিসার হিসেবে এয়ার ভাইস মার্শাল পদে উন্নীত হলেন শক্তি শর্মা। তাঁর এই পদোন্নতি ভারতীয় সশস্ত্র বাহিনীতে মহিলা অফিসারদের ক্রমবর্ধমান নেতৃত্বের অন্যতম উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

১৯৯৪ সালে IAF-এর এডুকেশন ব্রাঞ্চে কমিশন নিয়ে কর্মজীবন শুরু করেছিলেন শক্তি শর্মা। প্রায় ৩২ বছরের দীর্ঘ যাত্রায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে শুরু করে ফিল্ড স্টেশন, কমান্ড হেডকোয়ার্টার্স এবং এয়ার হেডকোয়ার্টার্স—বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

তাঁর কেরিয়ারে এর আগেও একাধিক নজির রয়েছে। চিকিৎসা শাখার বাইরে IAF-এর প্রথম মহিলা গ্রুপ ক্যাপ্টেন হয়েছিলেন শক্তি শর্মা। পাশাপাশি ট্রাই-সার্ভিসেসের প্রথম মহিলা অফিসার হিসেবে সৈনিক স্কুলের কমান্ডের দায়িত্বও পেয়েছিলেন তিনি। কাপুরথলা সৈনিক স্কুলের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সামরিক দায়িত্বের পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে বায়ুসেনার যোগাযোগ আরও শক্তিশালী করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। IIT কানপুর এবং পুনে বিশ্ববিদ্যালয়ে IAF Chair of Excellence প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

শক্তি শর্মার এয়ার ভাইস মার্শাল পদে উন্নীত হওয়াকে শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছে না প্রতিরক্ষা মন্ত্রক। ১৯৯০-এর দশকে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া মহিলা অফিসারদের জন্য সিনিয়র কমান্ড ও নেতৃত্বের স্তরে পৌঁছনোর যে নতুন পথ তৈরি হচ্ছে, তাঁর এই পদোন্নতি সেই পরিবর্তনেরই প্রতীক।

তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে নতুন দায়িত্বে শক্তি শর্মা। তাঁর এই নজির আগামী প্রজন্মের মহিলা অফিসারদের জন্যও নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *