নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কর্ণাটকের ঐতিহ্যবাহী যক্ষগানার শিরোভূষণ পরিয়ে সম্মান জানালেন উডুপির শ্রী পেজাবর অধোক্ষজা মঠের শ্রী শ্রী বিশ্বপ্রসন্ন তীর্থ স্বামী। মঙ্গলবারের এই সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছে।
শ্রী বিশ্বপ্রসন্ন তীর্থ স্বামীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পদ্মবিভূষণ যতিকুল চক্রবর্তী শ্রী বিশ্বেশ তীর্থ স্বামীর জন্মশতবার্ষিকী উদযাপনের লোগোও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ২০৩১ সালে এই জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সাক্ষাতের সময় শ্রী বিশ্বপ্রসন্ন তীর্থ স্বামী প্রধানমন্ত্রীকে যক্ষগানার ঐতিহ্যবাহী মুকুটের পাশাপাশি উত্তরীয়, স্বর্ণলেপিত কালীয় কৃষ্ণের মূর্তি, ফল ও মন্ত্রাক্ষতা দিয়ে সম্মান জানান। কর্ণাটকের লোকসংস্কৃতির অন্যতম পরিচিত শিল্পধারা যক্ষগানার সঙ্গে যুক্ত এই শিরোভূষণ বিশেষ সাংস্কৃতিক তাৎপর্য বহন করে।
শ্রী বিশ্বেশ তীর্থ স্বামীর ভক্তি, জ্ঞান ও সেবামূলক জীবন মানুষের মধ্যে এখনও অনুপ্রেরণা জোগায় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জন্মশতবার্ষিকীকে ঘিরে আয়োজিত বিভিন্ন উদ্যোগ তাঁর আদর্শকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি।


