রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিল রাজ্য সরকার। বাংলায় ‘পশ্চিমবঙ্গ’, আর ইংরেজিতে ‘West Bengal’—এই দ্বৈত নামের বদলে এবার সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ নাম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার এই দাবি জানিয়ে শীঘ্রই বিধানসভায় সংশ্লিষ্ট বিল পেশ করা হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীকের বক্তব্য অনুযায়ী, রাজ্যের সরকারি নামের ক্ষেত্রে ভাষাভেদে আলাদা নাম রাখার পরিবর্তে একটিই নাম ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। সেই লক্ষ্যেই বিধানসভায় বিল আনার প্রস্তুতি চলছে।
এর আগে রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে ‘পশ্চিমবঙ্গ’ নামটিকেই সব ভাষায় সরকারি ভাবে ব্যবহারের দাবি সামনে এসেছে।
এখন প্রশ্ন, বিধানসভায় বিল কবে পেশ হয় এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া কোন পথে এগোয়। শমীকের ঘোষণার পর সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।


