১২ লক্ষ টাকা পর্যন্ত করছাড় দিলাম, আপনারা কর্মীদের বেতন বাড়িয়েছেন তো? শিল্পপতিদের কড়া প্রশ্ন মোদীর

Spread the love

অর্থনৈতিক সুবিধা শুধু সংস্থার মুনাফায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তার সুফল পৌঁছতে হবে কর্মীদের পকেটেও। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের সিদ্ধান্তের কথা তুলে ধরে এবার দেশের শিল্পপতিদের সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ফিকি-র শতবর্ষের সম্মেলনে তাঁর সাফ প্রশ্ন, সরকার করের বোঝা কমিয়েছে, কিন্তু শিল্প সংস্থাগুলি কি কর্মীদের বেতন বাড়িয়েছে? নতুন নিয়োগ করেছে? নাকি সব দায়িত্ব সরকারের উপর চাপিয়ে নিজেরা নিশ্চিন্তে বসে রয়েছে?

শিল্পপতিদের উদ্দেশে মোদী বলেন, ২০১৪ সালে কর্পোরেট সংস্থাগুলির মূল করের হার ছিল ৩০ শতাংশ। সরকার তা কমিয়ে ২২ শতাংশ করেছে। অন্যদিকে, বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর ছাড় দেওয়া হয়েছে। এরপরই কটাক্ষের সুরে তাঁর প্রশ্ন, “আমি ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছি, কিন্তু আপনারা কি বেতন বাড়িয়েছেন? কর্মীর সংখ্যা বাড়িয়েছেন? শুধু কি ভাবছেন, মোদীজি করে দিন, বাকিটা আমরা দেখে নেব? এভাবে কি চলবে?” প্রধানমন্ত্রীর এই মন্তব্যে সম্মেলনে উপস্থিত শিল্পপতিদের মধ্যে হাসির পরিবেশ তৈরি হয়।

মোদীর বক্তব্য, সাধারণ মানুষের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছে দেওয়ার জন্য সরকার বড়সড় করছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। এতে মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। এবার শিল্প সংস্থাগুলির দায়িত্ব কর্মীদের বেতন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে সেই সুবিধার সুফল ছড়িয়ে দেওয়া।

দেশীয় উৎপাদন বাড়ানো এবং আমদানির নির্ভরতা কমানোর বিষয়েও শিল্পমহলকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর প্রশ্ন, যে দেশ গম রফতানি করে, সেই দেশকেই কেন পাউরুটি আমদানি করতে হবে? ওষুধ শিল্পে ভারতের সাফল্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, তৈরি ওষুধ উৎপাদনে বিশ্বে শক্তিশালী জায়গা তৈরি করলেও ওষুধের কাঁচামালের জন্য এখনও বিদেশের উপর নির্ভরতা রয়েছে। এই পরিস্থিতি বদলাতে প্রযুক্তি ও উৎপাদনে বিনিয়োগ করতে হবে।

আগামী ২০ বছরের প্রতিটি বড় বিনিয়োগের সিদ্ধান্তে ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতিকে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান মোদী। তাঁর দাবি, একসময় দুর্বল অর্থনীতির তালিকায় থাকা ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম। অক্টোবর মাসে পণ্য রফতানি প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক সংস্থাগুলিও ভারতের বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে। প্রধানমন্ত্রীর বার্তা স্পষ্ট, বিকশিত ভারত গড়তে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শিল্পপতিদেরও দায়িত্ব নিতে হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *