পুলিশের সামনেই মহুয়ার কনভয়ে হামলা! ডিম-পাথর, লাঠি নিয়ে তাণ্ডবের অভিযোগ, বিজেপিকে নিশানা তৃণমূল সাংসদের

Spread the love

নদিয়ার কালীগঞ্জে ফের রাজনৈতিক উত্তেজনা। এবার সরাসরি নিজের কনভয়ে হামলার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগের তির বিজেপি সমর্থকদের দিকে। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ডিম ও পাথর, লাঠি দিয়ে আঘাত করা হয়েছে কনভয়ে। অথচ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছে! এমনই বিস্ফোরক অভিযোগ তুলে বৃহস্পতিবার সমাজমাধ্যমে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কৃষ্ণনগরের সাংসদ।

মহুয়ার দাবি, কালীগঞ্জের গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁকে আক্রমণ করার জন্য আগে থেকেই ৮০-৯০ জন বিজেপি সমর্থক জড়ো হয়েছিল। গোটা বিষয়টি পুলিশকে আগাম জানানো হয়েছিল। তা সত্ত্বেও হামলা আটকাতে কোনও পদক্ষেপ করেনি প্রশাসন। উল্টে বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে ধরে হামলা চালালেও পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ।

এক্স-এ পরপর পোস্ট করে পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মহুয়া। তাঁর প্রশ্ন, আগাম খবর থাকা সত্ত্বেও কীভাবে হামলাকারীরা তাঁর কনভয়ের কাছে পৌঁছে গেল? নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাই বা কী করছিলেন? শুধু তাই নয়, পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে যোগসাজশের অভিযোগও তুলেছেন তিনি।

এখানেই থেমে থাকেননি তৃণমূল সাংসদ। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁর নিরাপত্তা নিশ্চিত করার কথা পুলিশের। সেই নির্দেশ কি আদৌ মানা হচ্ছে? এই প্রশ্ন তুলে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি দীপঙ্কর দত্তকে ট্যাগ করেছেন মহুয়া। গোটা ঘটনাকে আদালত অবমাননার উদাহরণ বলেও আক্রমণ শানিয়েছেন তিনি। সলিসিটর জেনারেল তুষার মেহতাকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

ঘটনার ভিডিয়ো প্রকাশ করে মহুয়া দেখিয়েছেন, তাঁর কনভয় ঘিরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ এবং ‘গো ব্যাক’ স্লোগান চলছে। তাঁর অভিযোগ, গাড়িতে ডিম-পাথর ছোড়ার পাশাপাশি লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। অথচ হামলাকারীদের সরানোর বদলে পুলিশ তাঁকেই এলাকা ছেড়ে চলে যেতে বলে। পুলিশের এই ভূমিকা নিয়েই সবচেয়ে বেশি ক্ষুব্ধ সাংসদ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরেও নিজের লোকসভা কেন্দ্রের একটি কর্মসূচিতে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ডিম ছোড়ার অভিযোগ তুলেছিলেন মহুয়া। ফের একই ধরনের অভিযোগ সামনে আসায় সাংসদের নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে এই ঘটনায় বিজেপি বা পুলিশের তরফে কী প্রতিক্রিয়া এসেছে, তা এখনও স্পষ্ট নয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *