কেক-বিস্কুট-মিষ্টির উপরে যে পেস্তা দেখে জিভে জল আসে, সেটাই কি আসলে রং মাখানো বাদাম? বোড়ালে চলছে সবুজ রংয়ের কারখানা! মালিকের সাফাই, রং খেলে ক্ষতি নেই!
পেস্তা বাদাম ভেবে কেক, বিস্কুট কিংবা মিষ্টির উপর থেকে যে সবুজ টুকরোগুলি তুলে মুখে দিচ্ছেন, সেগুলি আদৌ পেস্তা তো? নাকি সাধারণ বাদামকে সবুজ রং মাখিয়ে তৈরি করা হচ্ছে নকল পেস্তা? দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার বোড়াল এলাকায় এমনই এক কারখানার হদিশ মিলল বৃহস্পতিবার সকালে। ঘটনাস্থলের ছবি দেখলে চোখ কপালে উঠতে বাধ্য!

রাস্তার ধারে রোদে শুকোতে দেওয়া হয়েছে সবুজ রঙের ছোট ছোট টুকরো। পাশের ঘরে দেখা গেল গোটা বাদামের গায়ে মাখানো হচ্ছে সবুজ রং। কারখানার কর্মীদের হাতের অবস্থাও দেখার মতো। হাতের তালু থেকে আঙুল, সবুজ রঙে মাখামাখি। দেখে মনে হবে বাদাম নয়, যেন সবুজ রংয়ের কোনও শিল্পকর্ম তৈরি হচ্ছে!
কারখানার মালিক শামীম খানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অকপটে জানান, বাদামে রং লাগিয়ে তিনি বাজারে বিক্রি করেন। কেক, বিস্কুট ও মিষ্টি প্রস্তুতকারকেরা এই বাদাম ব্যবহার করেন। তাঁর দাবি, এই রঙিন বাদাম খেলে কোনও ক্ষতি হবে না। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ কত রঙের খাবার খাচ্ছেন, তাতে যখন সমস্যা হচ্ছে না, তখন এই বাদামেও সমস্যা হওয়ার কথা নয়!
অর্থাৎ, খাবারে রং যত বেশি, চিন্তা তত কম! অন্তত কারখানার মালিকের যুক্তি শুনলে তেমনটাই মনে হয়।
কিন্তু প্রশ্ন উঠছে, কোন রং ব্যবহার করা হচ্ছে? কতটা পরিমাণে মেশানো হচ্ছে? তার কোনও মাপজোক আছে কি? শামীম খান জানান, তিনি আন্দাজমতো রং মেশান। আরও চমকপ্রদ বিষয়, তাঁর এই খাদ্য প্রস্তুতকরণের ব্যবসার কোনও FSSAI লাইসেন্স নেই বলেও জানা গিয়েছে। খাদ্য প্রস্তুতকরণের নিয়মকানুন সম্পর্কেও তাঁর বিশেষ ধারণা নেই।

শামীমের বক্তব্য অনুযায়ী, কলকাতার বড়বাজারে এই বাদাম সরবরাহ করা হয়। প্রকৃত পেস্তার তুলনায় অনেক কম দামে বিক্রি হয় এই রঙিন বাদাম। বিভিন্ন ছোট-বড় কেক, বিস্কুট ও মিষ্টি প্রস্তুতকারক সংস্থার পণ্যে এই নকল পেস্তা ব্যবহারের অভিযোগ উঠছে।
এবার প্রশ্ন, ক্রেতারা কি পেস্তার দাম দিয়ে রং মাখানো বাদাম কিনছেন? মিষ্টির দোকানে সুন্দর করে সাজানো সবুজ টুকরো দেখে যাঁরা ভাবছেন দামি পেস্তা খাচ্ছেন, তাঁদের অজান্তেই কি অন্য কিছু পৌঁছে যাচ্ছে পেটে?
এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও খাদ্যবিজ্ঞানী ডঃ প্রশান্ত কুমার বিশ্বাস জানান, ফাস্ট গ্রিন এফসিএফ, গ্রিন এস এবং ম্যালাকাইট গ্রিনের মতো রঞ্জক পদার্থ নিয়ে স্বাস্থ্যঝুঁকির প্রশ্ন রয়েছে। বিশেষত ম্যালাকাইট গ্রিন খাদ্যে ব্যবহারের জন্য অনুমোদিত নয়। এ ধরনের অনুপযুক্ত রাসায়নিকের সংস্পর্শে লিভার ও কিডনির ক্ষতি-সহ গুরুতর স্বাস্থ্যসমস্যার আশঙ্কা থাকতে পারে। কিছু রঞ্জকের ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকিও উদ্বেগের বিষয়।
এখন প্রশ্ন, খাদ্য সুরক্ষা দফতর কী করছে? বড়বাজারে কোথায় কোথায় যাচ্ছে এই বাদাম? কোন কোন সংস্থা ব্যবহার করছে?
পেস্তার নামে সবুজ রঙের বাদাম, আর তার গায়ে মালিকের নিশ্চিন্ত ঘোষণা! তাহলে কি এবার মিষ্টি কেনার আগে শুধু স্বাদ নয়, বাদামের রংও পরীক্ষা করতে হবে? নাকি বাজারে আসবে নতুন বিজ্ঞাপন—পেস্তা নয়, রং মাখানো বাদাম, তবু নিশ্চিন্তে খান!


