কেমব্রিজে প্রথম দেখা, তারপর দুই দেশের দূরত্ব পেরিয়ে প্রতিদিন চিঠির আদানপ্রদান। প্রেমের সেই দিনগুলিতে চিঠি পৌঁছতে দেরি হত বলে প্রতিটি চিঠিতে নম্বর লিখে রাখতেন রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী। আর বিয়ের পর দিল্লিতে সন্ধ্যা কাটত ইন্ডিয়া গেটে আইসক্রিম খেয়ে! প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে নিজের প্রেম ও দাম্পত্য জীবনের এমনই কিছু অজানা মুহূর্ত সামনে আনলেন সোনিয়া গান্ধী। নিজের নতুন স্মৃতিকথা Belonging: A Journey of Love প্রকাশের অনুষ্ঠানে পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে যেন ফিরে গেলেন সেই প্রেমের দিনগুলিতে।
সোমবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সোনিয়া জানান, কেমব্রিজে তাঁদের পরিচয়ের পর রাজীব ভারতে ফিরে আসেন। অন্যদিকে, তাঁকে ফিরতে হয় ইতালিতে। কিন্তু ভৌগোলিক দূরত্ব তাঁদের যোগাযোগে বাধা হয়ে দাঁড়ায়নি। প্রতিদিন একে অপরকে চিঠি লিখতেন তাঁরা। সোনিয়ার কথায়, সেই সময়টা ছিল জাদুর মতো সুন্দর।
বিয়ের পর দিল্লির জীবনও ছিল বেশ সাদামাটা। তখন পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন রাজীব। আর অবসর পেলেই দু’জনে বেরিয়ে পড়তেন। তাঁদের পছন্দের জায়গা ছিল ইন্ডিয়া গেট। সেখানে গিয়ে আইসক্রিম খেতেন দু’জনে। এমনকী, কখনও টাকা কম থাকলে আইসক্রিম বিক্রেতারাও বাকিতে আইসক্রিম দিতেন। পরের দিন টাকা দিলেই চলত! সোনিয়ার স্মৃতিতে আজও উজ্জ্বল সেই দিনগুলি।
তবে রাজীবকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ ছিল না। নিজের বাবাকে সম্পর্কের কথা জানাতে ভয় পাচ্ছিলেন সোনিয়া। শেষ পর্যন্ত রাজীব নিজেই তাঁর বাবার সঙ্গে কথা বলেন। প্রথমে কিছুটা অনিশ্চয়তা থাকলেও পরে সম্মতি দেন তিনি। মেয়েকে বলেছিলেন, ছেলেটির চোখের দিকে তাকালেই মানুষটিকে চিনতে পারবে। ইতালির আইন অনুযায়ী ২১ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারতেন না সোনিয়া। তাই অপেক্ষা করতে হয়েছিল তাঁকে।
গত ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে সোনিয়ার স্মৃতিকথা। প্রকাশক সংস্থার দাবি, এক সপ্তাহেরও কম সময়ে বইটির দু’লক্ষের বেশি কপি বিক্রি হয়েছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ড এবং রাজনীতিতে তাঁর দীর্ঘ যাত্রার কথাও উঠে এসেছে বইটিতে।


