বিজয়-রশ্মিকার জুটিতে নজরকাড়া রসায়ন! অনিরুদ্ধ-কাব্যার বিয়ের রিসেপশনে গ্ল্যামারের ঝলক

Spread the love

চেন্নাইয়ে অনিরুদ্ধ মারান ও কাব্যা মারানের বিয়ের রিসেপশনে তারকাদের উপস্থিতিতে বসেছিল চাঁদের হাট। তবে অনুষ্ঠানের আলো কেড়ে নিলেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দানা। দু’জনের পোশাকের ধরন ছিল সম্পূর্ণ আলাদা, অথচ একে অপরের সঙ্গে দারুণ মানানসই। বিজয়ের পোশাকে ছিল আভিজাত্য ও গাম্ভীর্যের ছাপ, অন্যদিকে রশ্মিকার সাজে ধরা পড়ল ঝলমলে গ্ল্যামার।

অনুষ্ঠানের জন্য জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি বিশেষ পোশাকে হাজির হয়েছিলেন বিজয়। গাঢ় নীল রঙের ভেলভেটের ব্যান্ডগালায় ছিল ম্যান্ডারিন কলার, মানানসই কাফ এবং ল্যাপেলে সূক্ষ্ম ধাতব কারুকাজ। ভিতরে নীল সাটিনের শার্ট, সঙ্গে কালো ট্রাউজার ও রুপোলি বকলের বেল্টে তাঁর সাজে ফুটে উঠেছিল এক অন্যরকম ব্যক্তিত্ব। পিছনে বাঁধা চুল এবং ঘন গোঁফ তাঁর লুকে যোগ করেছিল রুক্ষ অথচ আকর্ষণীয় একটা ছাপ।

অন্যদিকে, ফাল্গুনী শেন পিককের ডিজাইন করা পোশাকে নজর কাড়েন রশ্মিকা। তাঁর পরনে ছিল ঝলমলে শ্যাম্পেন-আইভরি রঙের গাউন। স্ট্র্যাপলেস গাউনের করসেট অংশটি রুপোলি ক্রিস্টাল, সিকুইন ও সূক্ষ্ম পুঁতির কারুকাজে সাজানো ছিল। কোমরের নিচ থেকে নেমে আসা প্লিটেড স্কার্ট এবং মেঝে ছুঁয়ে যাওয়া লম্বা ট্রেন তাঁর সাজে যোগ করেছিল রাজকীয় আভিজাত্য। হিরের চোকার, মানানসই কানের দুল এবং কয়েকটি আংটিতে সাজ সম্পূর্ণ করেন অভিনেত্রী। অতিরিক্ত সাজসজ্জা ছাড়াই তাঁর উপস্থিতি ছিল যথেষ্ট নজরকাড়া।

তবে অনুষ্ঠানে শুধু বিজয়-রশ্মিকাই নন, উপস্থিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ। সুপারস্টার রজনীকান্তকে দেখা যায় উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং বর্ষীয়ান পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে ছবি তুলতে। পাশাপাশি পরিচালক অ্যাটলি ও তাঁর স্ত্রী তথা প্রযোজক প্রিয়া অ্যাটলিকেও অনিরুদ্ধ ও কাব্যা মারানের সঙ্গে মঞ্চে দেখা যায়। সব মিলিয়ে তারকাদের উপস্থিতি, আড়ম্বরপূর্ণ আয়োজন এবং বিজয়-রশ্মিকার নজরকাড়া সাজে জমজমাট হয়ে উঠেছিল এই বিয়ের রিসেপশন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *