ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংয়ের জীবনে এবার নতুন ইনিংস শুরু হতে চলেছে। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে আগামী ৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। উত্তরপ্রদেশের লখনউয়ে বসবে এই বিয়ের আসর। আর সেই বিয়েকে ঘিরেই ইতিমধ্যে শুরু হয়েছে জোর প্রস্তুতি। ক্রিকেট, রাজনীতি থেকে বলিউড—তিন জগতের একাধিক পরিচিত ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে।
জানা গিয়েছে, প্রায় ২০০০ অতিথির উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হতে পারে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল যাদবকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে খবর।
রাজনৈতিক মহলের পাশাপাশি ক্রিকেট ও বিনোদন জগতের তারকাদের নিয়েও আগ্রহ তুঙ্গে। বলিউড বাদশা শাহরুখ খানও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুবাদে রিঙ্কুর সঙ্গে শাহরুখের পরিচিতি রয়েছে। ভারতীয় ক্রিকেটের একাধিক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকার কথা রয়েছে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরেরও।
এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, পীযূষ চাওলা, প্রবীণ কুমার এবং আরপি সিংয়ের মতো পরিচিত মুখেরা। সব মিলিয়ে রিঙ্কু ও প্রিয়ার বিয়েতে ক্রিকেট তারকাদের উপস্থিতি ঘিরেও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির সাংসদ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মাত্র ২৫ বছর বয়সে জয়ী হয়ে দেশের অন্যতম কনিষ্ঠ সাংসদদের তালিকায় জায়গা করে নেন তিনি। তাঁর বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির প্রবীণ নেতা এবং প্রাক্তন সাংসদ। প্রিয়া নয়ডার অমিটি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে বাগদান পর্ব সেরেছিলেন রিঙ্কু ও প্রিয়া। সেই অনুষ্ঠানেও ক্রিকেট ও রাজনৈতিক জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বাগদানের প্রায় দেড় বছর পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে মূল বিয়ের অনুষ্ঠান হবে। তার আগের দিন অর্থাৎ ৩ ডিসেম্বর থেকে শুরু হবে বিয়ের আগের বিভিন্ন অনুষ্ঠান। পাশাপাশি রিঙ্কুর নিজের শহর আলিগড়েও আলাদা করে একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।


