বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখলো পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে মালদহ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বেশ কয়েক রাউন্ড গুলি , চারটি ম্যাগাজিন সহ চারটি সেভেন এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সাথে এক অস্ত্র কারবারিকেও গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার মহানন্দা টলার নাকাট্টি সেতু এলাকায়। একটি মোটর বাইকও আটক করেছে পুলিশ। নাকা চেকিংয়ের সময় দুজন সন্দেহভাজন ব্যক্তিকে বিহারের দিক থেকে মোটরবাইকে আসতে দেখে পুলিশ। এদের মধ্যে একজন পুলিশকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পালায়। বাইক চালক রাজ্জাক শেখ ওরফে টোটা কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে ।
ধৃত টোটা বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কিভাবে কোথা থেকে কি উদ্দেশ্যে অস্ত্র আনা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।


