বালুরঘাটে জেলা হাসপাতালে ১৮ জন নতুন চিকিৎসক নিযুক্ত হলো।
জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বালুরঘাট জেলা হাসপাতালে ১৮ জন নতুন চিকিৎসক যোগ দিয়েছেন। বহুদিন ধরে চিকিৎসক-সংকটে ভোগা এই হাসপাতালে এখন পরিষেবার মান উন্নত হবে বলে আশা স্বাস্থ্যকর্তাদের।
জানা গেছে, ১০২টি অনুমোদিত পদের মধ্যে প্রায় ৫০ টি পদ এতদিন খালি ছিল। বিশেষ করে বক্ষব্যাধি, ফরেনসিক, অণুজীববিদ্যা সহ একাধিক বিভাগে বিশেষজ্ঞের অভাব ছিল। নবনিযুক্ত চিকিৎসকরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।
বেসরকারি পরিষেবা সীমিত থাকায় জেলার মানুষ মূলত জেলা হাসপাতালের উপর নির্ভরশীল। ফলে এই নিয়োগে খুশি সাধারণ মানুষও।


