ভেদিয়ার উড়ালপুলে ‘গোপন উদ্বোধন’? সরকারি ছাড়পত্র ছাড়াই চলছে ট্রাফিক!

Spread the love

উদ্বোধনের ঘোষণা হয়নি এখনও। তবু গত তিন দিন ধরে ভারী যানবাহন উঠে পড়ছে সদ্য নির্মিত ভেদিয়ার উড়ালপুলে। এনএইচ-১৪৪ বরাবর তৈরি এই সেতু দক্ষিণ ও উত্তরবঙ্গের সংযোগের নতুন দরজা খুলবে, এমনটাই দাবি প্রশাসনের। কিন্তু সরকারি অনুমতি ছাড়াই এমন যান চলাচল ঘিরে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, প্রায় ১১৬ কোটি টাকা খরচ করে ২.২ কিলোমিটার দীর্ঘ এই সেতু তৈরি করেছে এনএইচ-সি বিভাগ। ২০২১ সালে কাজ শুরু হওয়া এই উড়ালপুলে রয়েছে ৭০টি পিলার ও ১৩৪টি পথবাতি। কিন্তু উদ্বোধনের আগেই যেভাবে একের পর এক লরি, ডাম্পার সেতুর উপর দিয়ে চলাচল করছে, তাতে এলাকাবাসীর একাংশ রীতিমতো ক্ষুব্ধ।

স্থানীয় বাসিন্দা রঞ্জন বৈদ্য বলেন, “উড়ালপুল আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। নির্মাণ শেষ হওয়ায় খুশি, কিন্তু এর আগে এমনটা কখনও দেখিনি—উদ্বোধন ছাড়াই গাড়ি চলছে!”

অফিসিয়ালি চালু না হওয়া সেতুতে ট্রাফিক শুরু হওয়া প্রসঙ্গে এনএইচ-সি আধিকারিক দীপঙ্কর জানা জানান, “সেতুর সমস্ত নির্মাণকাজ এবং নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। তবে কোনও একপাশে জল জমায় কেউ ঢোকার পথ খুলে দিয়েছেন বলে অনুমান।”

ভেদিয়ার নিচু আন্ডারপাসে বৃষ্টি হলেই জল জমে চলাচল ব্যাহত হত। সেই সমস্যার সমাধানেই এই উড়ালপুল। যদিও স্থানীয়দের দাবি, সেতু চালুর আগে নিয়ম মেনে উদ্বোধন হোক এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কঠোর হোক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *