ভরসন্ধ্যায় আতঙ্ক ছড়াল বারাসতের ব্যস্ত এলাকায়। এক ডায়াপার ও রং তৈরির গুদামে আচমকাই বিধ্বংসী আগুন লেগে যায়। মুহূর্তে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা গুদাম জুড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় গুদামের সমস্ত সামগ্রী।
প্রাথমিকভাবে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও পরে পরিস্থিতির ভয়াবহতা বুঝে আরও ইঞ্জিন পাঠানো হয়। তীব্র যানজট তৈরি হয় ব্যস্ত বারাসত-টাকি রোডে, যার কারণে দমকলের ইঞ্জিন পৌঁছাতে কিছুটা সময় লাগে।
এলাকার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, আশপাশের এলাকা থেকেও জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এত বড় অগ্নিকাণ্ড এর আগে কখনও ঘটেনি এই এলাকায়।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে এখনও পুরোপুরি নির্বাপিত হয়নি।


