কলকাতা বিমানবন্দরের (Dum Dum Airport) নিরাপত্তা এবং উড়ান পরিষেবার স্বার্থে এবার কড়া পদক্ষেপ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI)। জানা যাচ্ছে, দমদম, মধ্যমগ্রাম, বিধাননগর এবং বিরাটি সংলগ্ন এলাকায় একাধিক বহুতল নির্মাণ উচ্চতা সীমা লঙ্ঘন করেছে বলে চিহ্নিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এই মর্মে সংশ্লিষ্ট পুরসভাগুলিকে পাঠানো হয়েছে নোটিশ, যাতে স্পষ্টভাবে জানানো হয়েছে—এই সমস্ত বাড়ি নিয়মবহির্ভূত এবং অবিলম্বে তা ভেঙে ফেলার পদক্ষেপ নিতে হবে।
AAI-এর তরফে জানানো হয়েছে, এই বহুতলগুলি বিমানবন্দরের ওবস্ট্যাকল লিমিট সারফেস (OLS)-এর মধ্যে পড়ে। যা বিমান ওঠানামায় বিপদ ডেকে আনতে পারে। ফলে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, দীর্ঘদিন ধরে এভাবে বহুতল নির্মাণ হয়ে এলেও কেন এখন হঠাৎ করে এই সিদ্ধান্ত, তা নিয়েই প্রশ্ন উঠছে। কারও কারও বক্তব্য, নিয়ম ভাঙার পর এত বছর ধরে প্রশাসন কী করছিল? এখন হঠাৎ করে ভাঙার নোটিশ পেয়ে তারা বিপাকে।
পুরসভাগুলির তরফে এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। অনেকেই আশঙ্কা করছেন, বহু মানুষের মাথার উপর থেকে ছাদ সরে যেতে পারে।
এই ঘটনা ঘিরে আগামী দিনে আইনি লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


