রাস্তায় মাছ চাষ?

Spread the love

হাবাসপুর দয়ানগর মোড়ে রাস্তায় মাছ চাষের পরামর্শ! কংগ্রেসের অভিনব বিক্ষোভ

দীর্ঘ কয়েক বছর ধরে মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের হাবাসপুর অঞ্চলের দয়ানগর মোড়ের রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—কোনও ঋতুতেই এই রাস্তায় হাঁটা বা যাতায়াত সহজ নয়। জায়গায় জায়গায় গর্ত, কর্দমাক্ত অবস্থায় জল জমে থাকে দিনের পর দিন। অথচ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন কান্তনগর, হনুমন্তনগর ও মোহাম্মদপুরের বহু সাধারণ মানুষ।

উল্লেখযোগ্যভাবে এই রাস্তাটি দিয়ে যাতায়াত করেন একাধিক রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারি আধিকারিকরাও। এমনকি জেলা পরিষদের এক সদস্যের বাড়ির যোগাযোগ পথও এই রাস্তা। তবুও বছরের পর বছর ধরে কোনও সংস্কারের কাজ শুরু হয়নি। এই পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমে ছিল।

আজ, সোমবার সকালে ৭ নম্বর হাবাসপুর অঞ্চলের দয়ানগর মোড়ে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানাল ভগবানগোলা ব্লক কংগ্রেস। কংগ্রেস কর্মীরা জমে থাকা জল-কাদার মধ্যে মাছ ছেড়ে “মাছ চাষের পরামর্শ” দেন! তাঁদের বক্তব্য, “যেহেতু সরকার রাস্তা বানাতে পারছে না, তাহলে বরং খাল করে এখানে মাছ চাষ করা হোক!”

বিক্ষোভে উপস্থিত ছিলেন ভগবানগোলা ব্লক কংগ্রেসের লোকসভাপতি আব্দুর রাজ্জাক। তিনি কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং বলেন, “এই রাস্তাটি শুধুই একটি এলাকার নয়, এটি তিনটি বড় অঞ্চলের প্রধান যোগসূত্র। অথচ বছরের পর বছর এই রাস্তায় উন্নয়নের ছিটেফোঁটাও নেই। সাধারণ মানুষ প্রতিদিন সমস্যায় পড়ছেন—তা যেন প্রশাসনের নজরেই আসে না।”

এই বিক্ষোভের পর প্রশাসনের দৃষ্টি আদৌ পড়বে কি না, কিংবা কবে নাগাদ এই রাস্তাটি সংস্কার হবে—সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে। কারণ তিনটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১০ থেকে ১২টি গ্রামের বাসিন্দাদের প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করতে হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *