রাতের অন্ধকারে বিজেপির পঞ্চায়েত সদস্যের ফসল কেটে দেওয়ার অভিযোগ!

Spread the love

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার রায়পুর মাঠপাড়া এলাকায় রাতের অন্ধকারে বিজেপির পঞ্চায়েত সদস্যের জমির ফসল কেটে দেওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গিয়ে প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানালেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে ঘুম থেকে উঠে পটল খেতে যান ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের রায়পুর মাঠপাড়া গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য বরুন তরফদার। মাঠে গিয়ে দেখেন তার ১ বিঘা জমির পটল খেত কে বা কারা গোড়া থেকে কেটে দিয়ে গিয়েছে এবং পাশেই তার আরেকটি জমিতে ৫০ কেজি ধানের বীজ রোপণ করা ছিলো সেই বীজ নষ্ট করে দিয়েছে। এই ঘটনার পর বরুন তরফদার বনগাঁ থানার দ্বারস্থ হন এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেন। তার দাবি রুইদাস মন্ডল এবং রাকেশ মন্ডল তার এই বিরাট ক্ষতি করেছে। বরুন জানিয়েছেন, গতকাল পার্শ্ববর্তী একটি জায়গায় পিচের রাস্তা খুঁড়ে রুইদাস মন্ডল ঢালাই করছিল স্থানীয়রা আমার কাছে অভিযোগ জানালে আমি মেম্বার হিসেবে সেই কাজে বাধা দিই। ওরা আমায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গায়ের জোর দেখিয়ে সেই ঢালাই করে। তারপর রাতেই আমার এই ক্ষতি করেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগ অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *