পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে একদিনে জোড়া মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল স্থানীয় এলাকায়। একদিকে রাতের অন্ধকারে পুকুরে ডুবে মৃত্যু, অন্যদিকে সকালে মিলল ঝুলন্ত দেহ। দু’টি মৃত্যুই ঘিরে রহস্যের আবরণ, তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মাধবপুর এলাকার বাসিন্দা শ্রীকান্ত ভঞ্জ (৬৫) মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে যান। স্থানীয়রা পরদিন সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় জলেই ডুবে মৃত্যু হয়েছে তাঁর।
অন্যদিকে, বুধবার সকালেই আর এক মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়ায় ডেবরার বাড় মামুদপুর এলাকায়। সেখানেই গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির নাম বলাই ভুঁইয়া।
দু’টি মৃতদেহই উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। তবে কীভাবে এই দুই মৃত্যু, আদৌ কি কোনো যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।


